কলকাতা: অসুস্থ অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)। বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, অল্প বয়স থেকেই ঋতব্রত বেশ জনপ্রিয় মুখ। শুধু স্টারকিড বলে নেয়, ঋতব্রত নিজের অভিনয় দক্ষতার জোরেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন টলিউডে। আধুনিক নায়ক থেকে শুরু করে, একেবারে অন্যরকম চরিত্রেও তাঁকে দেখেছেন দর্শকেরা। তবে আজ সোশ্যাল মিডিয়ায় ঋতব্রত একটি পোস্ট করে যা জানিয়েছেন, তারপরে যথেষ্ট উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। চোখের সমস্যার কারণে, তাঁকে ২টো বড় অস্ত্রোপচার করাতে হয়েছে। আপাতত সেই কারণেই বিশ্রামে রয়েছেন তিনি।
চোখে ২টো অস্ত্রোপচার, বেড রেস্টে রয়েছেন ঋতব্রত
সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করে ঋতব্রত লিখেছেন, ‘আমি ঋতব্রত মুখোপাধ্যায়, সম্প্রতি চোখে ২টি বড় অস্ত্রোপচার করিয়েছি এবং বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সম্পূর্ণ বিশ্রামে রয়েছি। গত ১০টা দিন, আমার পরিবারের একটা অত্যন্ত কঠিন সময় কেটেছে। আমরা এখনও জানি না, লড়াইয়ের আর কতটা পথ বাকি। তবে আশা করব, আমাদের এই পরিস্থিতি আপনারা বুঝবেন এবং দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না। যখন সম্ভব হবে, আমি নিজেই পরিস্থিতির আপডেট জানাব। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। ধন্যবাদ।’
অভিনেতার চোখে কী ধরণের সমস্যা হয়েছে, তা বিস্তারিত লেখেননি তিনি। শারীরিক কারণেই সম্ভবত বিস্তারিত সমস্ত খবর লিখতে পারেননি তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পরেই উদ্বিগ্ন হয়েছেন প্রত্যেকেই। অনেকেই জানতে চেয়েছেন, ঠিক কী সমস্যায় ভুগছেন অভিনেতা? আর সবাই তাঁর সুস্থতা কামনা করেছেন। খুব তাড়াতাড়ি তিনি যাতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই কামনাই জানিয়েছেন প্রত্যেকে। পর্দার পাশাপাশি, অডিও ড্রামাতেও ঋতব্রতর কন্ঠ বেশ জনপ্রিয়। একাধিক অডিও ড্রামার মুখ্যচরিত্রে শ্রোতারা ঋতব্রতর কন্ঠ শুনেছেন। ‘ব্রহ্মচারী বয়েজ’ থেকে শুরু করে, ‘ভার্জিনপুর’ তাঁর একাধিক কাজ সদ্যই মুক্তি পেয়েছে। তবে আপাতত তিনি বেশ কিছুদিন কোনও কাজ করতে পারবেন না শরীরের কারণেই। প্রত্যেকেই চান, প্রিয় অভিনেতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করুন।
আরও পড়ুন: Srijit Mukherjee: শুধু পরিচালক নয়, এবার অন্য ভূমিকায় দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে