কলকাতা: তিনি পরিচালক হিসেবেই জনপ্রিয়তা পেয়ে এসেছেন দর্শকদের কাছে। তাঁকে বলা হয়, ইন্ডাস্ট্রির ‘ফার্স্ট বয়’। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। তবে এবার তাঁকে একেবারে নতুন ভূমিকায় দেখবেন দর্শক। সামনেই মুক্তি পাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত সিনেমা, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। মাল্টিস্টারার এই সিনেমায় দেখা যাবে, টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), দিব্যাণী মণ্ডল, রিক চ্যাটার্জী, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ এবং কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং অন্যান্যরা।
নতুন ভূমিকায় সৃজিত,’এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-তে কোন চমক?
আর এই সিনেমায়, পরিচালনার পাশাপাশি সুরকারের ভূমিকাতেও দেখা যাবে সৃজিতকে। আজ মুক্তি পেল, সৃজিতের সুরে নতুন গান, ‘সইতে সইতে’। এই প্রথম, নিজের পরিচালিত সিনেমার নতুন গানে সুরকার হিসেবে কাজ করলেন সৃজিত। ‘সইতে সইতে’ -র কথা ও সুর, দুইই করেছেন সৃজিত। ছবির বিদ্রোহী চেতনাকে নিজের সিনেম্যাটিক ভাবনা এবার গানের ভাষাতেও তুলে ধরেছেন পরিচালক। পর্দায় এই গানটি তিমির বিশ্বাসের কন্ঠে শোনা যাবে। সাহিত্য, প্রতিবাদ এবং এক উত্তাল সময়ের কথা বলবে এই গানটি। গানটির অ্যাসোসিয়েট মিউজিক ডিরেক্টর সৌপ্তিক মজুমদার। মিউজিক প্রোডাকশনে রয়েছেন সৌপ্তিক মজুমদার ও অচিন সরকার। ফিমেল ব্যাকিং ভোকাল ও ভোকাল ডিজাইনে অন্তরা ভট্টাচার্য, আর মেল ব্যাকিং ভোকালে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায় নিজেই।
পুজোয় মুখোমুখি ৩ ছবি
নন্দী মুভিজ নিবেদিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজনায় রয়েছেন প্রদীপ কুমার নন্দী। এই ছবিতে পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সংলাপ, সম্পাদনা, সঙ্গীত এবং গানের কথা—একাধিক গুরুত্বপূর্ণ সৃজনশীল দায়িত্ব সামলেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রসঙ্গত, এবার পুজোয় সময় মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। তবে সৃজিতের এই ছবির পাশাপাশি, এবার মুক্তি পাচ্ছে আরও ২টি বিগ বাজেট ছবি। এবার পুজোয় মুক্তি পাচ্ছে, দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) জুটির নতুন সিনেমা। অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের পরিচালনায় মুক্তি পাচ্ছে, ‘বহুরূপী ২’। এই সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন যীশু সেনগুপ্ত আর সোহিনী সরকার। এছাড়াও এই সিনেমায়, শিবপ্রসাদ নিজে এবং কৌশানী মুখোপাধ্যায় তো থাকছেনই।
আরও পড়ুন: Jennifer Winget: প্রথম সম্পর্কে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ের পরে কেরিয়ার থেকে দূরে সরে গেলেন নায়িকা?