Last Updated:
Railways: রাজ্যে রেল পরিকাঠামো আরও উন্নত করতে এবং রেলের কাজে আরও গতি আনতে নতুন টাস্ক ফোর্স গঠন করা হল৷ মুখ্যসচিবকে এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে৷
কলকাতা: রেল প্রকল্পে গতি আনতে রাজ্যের বড় পদক্ষেপ। টাস্ক ফোর্স গঠন করা হল রাজ্যে। এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়ন ও নতুন রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতেই এই বিশেষ টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার।
সূত্রের খবর, কেন্দ্রীয় রেল মন্ত্রক ও রাজ্য সরকারের যৌথ প্রকল্পগুলির অগ্রগতি পর্যবেক্ষণ করবে এই কমিটি। সদস্য হিসেবে থাকছেন স্বরাষ্ট্র, পরিবহণ, ভূমি ও ভূমি সংস্কার, পূর্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ আধিকারিকরা। পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, মেট্রো রেল, রেল বোর্ড ও RVNL-এর প্রতিনিধিরাও এই কমিটিতে থাকবেন।
জমি অধিগ্রহণ, প্রশাসনিক সমন্বয় ও প্রকল্প বাস্তবায়নে যে জটিলতা তৈরি হচ্ছে, তা দ্রুত মেটানোই টাস্ক ফোর্সের প্রধান লক্ষ্য। প্রতি সপ্তাহে প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা হবে এবং প্রয়োজনীয় সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান হল নির্দেশিকায়। মুখ্যসচিব নিজে প্রতি মাসে বৈঠক করে প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখবেন বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার রাজ্যে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ রেলমন্ত্রী জানান, “৪-৫ বছরের মধ্যে ৬০টি নিউ জেনারেশন মেট্রো আনা হবে কলকাতায়। ফলে আরও সুবিধা হবে যাত্রীদের।” এদিন নবান্ন পৌঁছনোর আগে নোয়াপাড়া মেট্রোতে কর্মী ও যাত্রীদের সঙ্গে কথা বলেন অশ্বিনী বৈষ্ণব। পরে নোয়াপাড়া থেকে কনভয় ছেড়ে অটোতে উঠে পড়েন রেলমন্ত্রী।
ওই দিন কলকাতা বিমানবন্দরে নেমেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরাসরি চলে যান জয় হিন্দ মেন্ট্রো স্টেশনে। সেখানে গিয়ে মেট্রো কর্মী, যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা মেট্রো পরিষেবা নিয়ে প্রশংসাও করেন তাঁর কাছে। তারপর মেট্রো চড়েই তিনি নোয়াপাড়ায় পৌঁছন। নোয়াপাড়া এলাকায় গাড়ি ঢুকলে যাতে স্থানীয়দের সমস্যা না হয় তার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি রাখা হয় প্রমোদনগরে (বেলঘরিয়া হাইওয়ে)। মেট্রো থেকে নেমে মেট্রো স্টেশন থেকে প্রমোদনগর তিনি অটোতে চেপেই রওনা দেন। তারপর সেখান থেকে পৌঁছন নবান্ন। সেখানেও ছিল চমক। সাধারণ মানুষের মতোই দেখা গেল রেলমন্ত্রীকে। ট্রাফিক মেনে, যতটা কম সম্ভব নিরাপত্তা নিয়ে রেলমন্ত্রী পৌঁছলেন নবান্নে।
Kolkata,West Bengal
