Last Updated:
Amit Shah on Jhalmuri: দিল্লির হাইপ্রোফাইল বৈঠকে বাংলার ঝালমুড়ি, অমিত শাহর খোঁচা ঘিরে তুঙ্গে চর্চা।
নয়াদিল্লি: আরও একবার ঝালমুড়ি-রাজনীতি। নির্বাচনী সভা, জনগণের মাঝে সভা নয়, দেশের রাজধানী দিল্লিতে এনডিএ শিবিরের হাইপ্রোফাইল বৈঠকে নতুন করে নজর কাড়ল বাংলার এই জনপ্রিয় হালকা খাবার। আর তারই সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সুকৌশলে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দেওয়াও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
বিষয়টা ঠিক কী?
বুধবার দিল্লিতে এনডিএ ভুক্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই বৈঠকের মাঝেই তৈরি হল এক নজিরবিহীন দৃশ্য। প্রধানমন্ত্রীকে রীতিমতো বাটিতে করে ঝালমুড়ি পরিবেশন করতে দেখা গেল পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এই বৈঠকে যোগ দিয়েছিলেন অমিত শাহও।
এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করে অমিত শাহ লেখেন, ‘এনডিএ বৈঠকে উপভোগ করলাম টক, মশলাদার ও মুচমুচে ঝালমুড়ি’। ছবির ক্যাপশন যেহেতু তিনি ইংরেজিতে দিয়েছেন, তাই ঝালমুড়ির স্বাদের বর্ণনা দিতে তিনটি ইংরেজি শব্দ লিখেছেন, Tangy, Masaledar and Crunchy। তিন শব্দের প্রথম বর্ণ একসঙ্গে করলে দাঁড়ায় TMC। আর তাতেই রাজনৈতিক বিশ্লেষকদের মত, সুকৌশলে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দেওয়াই ছিল অমিত শাহের এই পোস্টের উদ্দেশ্য।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় এসে ঝালমুড়ি খান নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের বিক্রেতার থেকে কিনে ১০ টাকার ঝালমুড়ি খেয়েছিলেন তিনি। আর তারপর থেকেই রাজনীতির রুক্ষ ময়দান যেন হয়ে ওঠে মশলাদার। বুধবার ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজে হাতে তৈরি করে ঝালমুড়ি খাওয়ান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটি অত্যন্ত সুস্বাদু বলেই দাবি নমোর। ঝালমুড়ি তৈরি করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
Kolkata,West Bengal
Jun 10, 2026 11:39 PM IST
