নয়াদিল্লি: নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোয় অভিযুক্ত রোবট। ভয়ঙ্কর ঘটনা সামনে এল জার্মানি থেকে। যৌন নির্যাতন চালানোর পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় গোটা দৃশ্য লাইভ স্ট্রিমও করা হয়। গোটা ঘটনায় তোলপাড় শুরু হয়েছে তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ। (Robot Assaults Teen Girl)
‘আয়রন ম্যানে’র মতো দেখতে, লাল এবং সোনালি রংয়ের একটি রোবটের বিরুদ্ধে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ। সেটি একটি রিমোট কন্ট্রোলড রোবট, তাকে ব্যবহার করে ১৬ এবং ১৯ বছরের দুই কিশোর নাবালিকার উপর নির্যাতন চালায় বলে জানা গিয়েছে। গোটা দৃশ্য লাইভ স্ট্রিমও করা হয়। লাইভ কমেন্ট্রিও যুক্ত করা হয় তাতে। (Crime News)
আরও পড়ুন: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
জার্মানির কোলোন শহরে মধ্যরাতের কিছু পর ১৬ বছর বয়সি ওই নির্যাতিতা বন্ধুদের সঙ্গে ফাস্টফুডের দোকানে গিয়েছিল। সেই সময় রোবটটি এগিয়ে আসে তার দিকে। মেয়েটিকে অশালীন ভাবে স্পর্শ করে রোবটটি এবং সঙ্গমরত অবস্থার মতো আচরণ করে। প্রাথমিক ভাবে স্তব্ধ হয়ে যায় মেয়েটি। চিৎকার করে দূরে সরে যায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় সে। ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ট্রাঙ্ক থেকে রোবটটিকে বের করে পুলিশ।
জার্মান পুলিশ রোবটটিকে বাজেয়াপ্ত করেছে। উদ্ধার করা হয়েছে দু’টি মোবাইল ফোনও। ওই দু’টি ফোন ১৬ এবং ১৯ বছর বয়সি এক কিশোরের বলে জানা যাচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ১৬ বছরের ওই কিশোর রোবটটির মালিক। রোবটটিকে সেই পরিচালনা করছিল বলে অভিযোগ। ১৯ বছরের কিশোর গোটা ঘটনা লাইভ স্ট্রিম করে বলে দাবি।
TikTok থেকে ভিডিওটি হাতে পায় পুলিশ। মেয়েটির উপর যৌন নির্যাতন চালানোর পর গাড়ির ট্রাঙ্কে রোবটটিকে লুকিয়ে রাখা হয়। যৌন অপরাধের জন্য এমনিতেই কুখ্যাতি রয়েছে কোলোনের। ২০১৫-’১৬ বর্ষবরণের রাতে সেখানে একসঙ্গে যৌন নির্যাতনের শিকার হল শত শত মহিলা। তবে এবার যে ঘটনা ঘটেছে, তাতে স্তম্ভিত গোটা বিশ্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটকে ব্যবহার করে এমন অপকর্ম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন সকলে।
ভারতেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াত লেখেন, ‘এখনও সম্পূর্ণ ভাবে প্রস্তুত হতে পারিনি। তার আগেই AI দ্বারা অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধীদের ভয় পাওয়ার তো আর কারণই থাকছে না। কী অবস্থা হতে চলেছে পৃথিবীর? বিশেষ করে যাঁরা দুর্বল, তাঁদের কী হবে?’