Last Updated:
Indians Missing: ওমান উপকূলের কাছাকাছি অবস্থিত একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপনাস্ত্র হামলা৷ ঘটনায় ২১ ভারতীয় নাবিককে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ ৩৷
নয়াদিল্লি: ওমান উপকূলের কাছে অবস্থিত বাণিজ্যিক জাহাজ ‘সেট্টেবেলো’-তে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিখোঁজ ৩ ভারতীয়৷ ঘটনায় ইতিমধ্যে ২১ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেই জানাল বিদেশমন্ত্রক৷
ইউরো নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, পালাউ-নিবন্ধিত তেলবাহী জাহাজ ‘সেট্টেবেলো’ ওমান উপসাগরের সোহার উপকূলের কাছে চলাচলের সময় বিপদ সঙ্কেত পাঠায়। জাহাজটির দাবি, একটি ক্ষেপণাস্ত্র ইঞ্জিন কক্ষে আঘাত হানায় সেখানে আগুন লেগে যায়। সোহার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হরমুজ প্রণালীর ঠিক প্রবেশমুখের কাছেই অবস্থিত।
হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে রয়টার্সকে জানিয়েছে, “সম্ভবত ইরানের বন্দরগুলিকে অবরুদ্ধ করার লক্ষ্যে মার্কিন অভিযানের ফলেই এই ঘটনা ঘটেছে।”
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, “এই অঞ্চলে জাহাজের উপর ধারাবাহিক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং চলমান আঞ্চলিক সংঘাতেরই সরাসরি ফল। উত্তেজনা অবিলম্বে প্রশমিত করা এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে চলমান আলোচনা দ্রুত সফল করার আহ্বান জানাচ্ছি, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।”
মন্ত্রক আরও জানায়, “বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক পরিকাঠামোর উপর হামলা বন্ধ হওয়া জরুরি। আন্তর্জাতিক আইনের আওতায় এই অঞ্চলের জলপথে অবাধ ও বাধাহীন নৌচলাচল এবং বাণিজ্য যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করতে হবে।”
ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে বলেও জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই মার্কিন সেনাবাহিনী ওমান উপসাগরে ২৪ জন ভারতীয় নাবিক বহনকারী একটি তেলবাহী জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছিল। পালাউ-নিবন্ধিত ‘এমটি মারিভেক্স’ নামের ওই জাহাজটি হরমুজ প্রণালীর নিকটবর্তী জলসীমায় চলাচল করছিল। ওমান উপকূলের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হানার পর জাহাজে আগুন লাগে এবং পরে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
Kolkata,West Bengal
