সঞ্জীব কুমার বলেছিলেন, “আমার পরিবারের পুরুষদের মতোই আমিও ৫০ বছরের বেশি বাঁচব না, তাই আমার বয়স বাড়বে না। সুতরাং, পর্দাতেই বার্ধক্যের অভিজ্ঞতা লাভ করা ভাল।” সেই সময়ে যা একটি সাধারণ মন্তব্য বলে মনে হয়েছিল, পরে তা এক মর্মান্তিক ভবিষ্যদ্বাণীর মতো হয়ে দাঁড়ায়। অভিনেতা বংশগত হৃদরোগে ভুগছিলেন এবং জানা যায়, তাঁর পরিবারের বেশ কয়েকজন পুরুষ ৫০ বছর বয়স হওয়ার আগেই মারা গিয়েছিলেন। সঞ্জীব কুমার আমেরিকায় গিয়ে বাইপাস সার্জারিও করিয়েছিলেন, কিন্তু তাঁর স্বাস্থ্যের অবনতি অব্যাহত ছিল। ১৯৮৫ সালের ৬ই নভেম্বর, হৃদরোগে আক্রান্ত হয়ে সঞ্জীব কুমার মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর।
