Last Updated:
Kalyan Banerjee on Abhishek: কল্য়াণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থেকে যাওয়া আরেক বিধায়ক, কুণাল ঘোষ
কলকাতা: ফিরহাদের পরে এবার কি বেসুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভরসার জায়গা কল্যাণ বন্দ্যোপাধ্যায়? বিধানসভায় সই জাল কাণ্ডের মামলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে উগড়ে দিলেন ক্ষোভ৷ সরাসরি বলে দিলেন, ‘‘যদি অভিষেককে নিয়ে চলে তবে আমি আর নেই।’’ তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানকে ‘প্যারাশুট রাজনীতি’ রাজনীতি হিসাবে কটাক্ষ করেছেন কল্যাণ৷
এদিন কলকাতা হাইকোর্ট ছিল সইজাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি৷ অভিষেকের রক্ষাকবচ মামলা করছিলেন কল্যাণ ও তাঁর ছেলে শীর্ষাণ্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এদিনের বক্তব্য, ‘‘গতকাল রাত ১২টা ৩০ মিনিটে জানানো হয় মামলা করার দরকার নেই৷ তারপরে আজ অন্য আইনজীবীকে নিয়োগ কেন?’’
এরপরেই ক্ষুব্ধ কল্যাণের মন্তব্য, ‘‘ওর উদ্ধত্য, এসি রুমের রাজনীতির জন্য দল হেরেছে। আর নেই আমি। অনেক হয়েছে।’’ কল্যাণের স্পষ্ট কথা, ‘‘ওর বসিং অ্যাটিটিউড হারার পরেও যায়নি। দিদিকে ঠিক করতে হবে কী করবে, ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি হতে পারব না।’’
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এক মাস কাটতে না কাটতেই ভেঙে ছত্রাখান হয়ে গিয়েছে তৃণমূল৷ কিন্তু, সংসদীয় দল হাতছাড়া হওয়ার পরে যেন হড়পা বাণের তোড়ে ক্ষয়ে যাচ্ছে তৃণমূল৷ গত এক সপ্তাহে রাজ্যসভার তিন সাংসদ ইস্তফা দিয়েছেন৷ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিদ্রোহী লোকসভার সাংসদদের দলে নাম লিখিয়েছেন শতাব্দী রায়, জুন মালিয়ার মতো একদা বিশ্বস্তেরা৷
কিন্তু, কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দু’দিন আগে লোকসভার চিফ হুইপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ১১ জুন ২০২৬ এ, তাঁরও গলার সুর ঠেকল বেসুরো৷ আর সকল বিদ্রোহী নেতার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝেড়ে ফেলার দাবি তুলে ‘আল্টিমেটাম’ দিলেন তৃণমূলনেত্রীকে৷
এদিন বিধানসভার সই জাল কাণ্ডে অন্যতম অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্ধে ৬টার মধ্যে ভবানী ভবনে সিআইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি৷ সূত্রের খবর, বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যেতে পারেন তৃণমূল সাংসদ৷ তবে, আদালতের নির্দেশ ছাড়া আগামী ২০ দিন অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ সিআইডি নিতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট৷
