Last Updated:
Abhishek Banerjee CID Interrogation: ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ভবানীভবন থেকে বেরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪৯ মিনিট নাগাদ তিনি সিআইডি দফতরে পৌঁছন। সই জালিয়াতি সংক্রান্ত মামলায় তাঁকে টানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
কলকাতাঃ ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ভবানীভবন থেকে বেরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৪৯ নাগাদ সিআইডির দফতরে পৌঁছন অভিষেক, সই জাল কাণ্ডে একটানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, প্রথমে পাঁচ-ছ’জন তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করলেও, পরে আরও কয়েকজন অফিসার জিজ্ঞাসাবাদের জন্য যোগ দেন।
এ দিন বিকেলেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক৷ বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবনে না গিয়ে প্রথমে কালীঘাটে নিজের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেখানে কিছুক্ষণ থাকার পরে বিকেল পৌনে ৬টা নাগাদ ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন৷ বিকেল ৫.৪৯ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছন৷ প্রাথমিক কিছু প্রক্রিয়ার পর অভিষেককে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইডি আধিকারিকরা৷ সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ার কারণেই জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন সিআইডি আধিকারিকরা৷
প্রসঙ্গত, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দলের বিধায়কদের সই সহ চিঠি অধ্যক্ষকে পাঠিয়েছিলেন অভিষেক৷ ওই চিঠিতেই বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের সই জাল করা হয় বলে অভিযোগ৷ তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানান৷ অধ্যক্ষের নির্দেশে বিধানসভার সচিব পুলিশে অভিযোগ দায়ের করেন৷ পরে রাজ্য সরকারের নির্দেশে মামলার দায়িত্বভার হাতে নেয় সিআইডি৷
Kolkata,West Bengal
Jun 11, 2026 11:29 PM IST
