Last Updated:
Football Fever In Tumluk: ফুটবল বিশ্বকাপ এলেই যেন রাতারাতি ভোল বদলে যায় তমলুকের বিভিন্ন পাড়ার। কোনও এক পাড়া বা একই পরিবার যেন স্পষ্ট দুটি শিবিরে ভাগ হয়ে গেছে। একদিকে রয়েছে ‘হলুদ-সবুজ’ পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের সমর্থকরা, অন্যদিকে ‘আকাশি-সাদা’ লিওনেল মেসির আর্জেন্টিনার অন্ধ ভক্তকূল
তমলুক, : বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আঁচে ফুটছে পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী শহর তমলুক। বিশ্বকাপে ভারতের নাম না থাকলেও, ফুটবল নিয়ে বাঙালির উন্মাদনা যে কোনও অংশে কম নয়, তা আরও একবার প্রমাণ করল তমলুকবাসী। ইতিমধ্যেই শহরের অলিতে-গলিতে শুরু হয়ে গেছে ফুটবল ম্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ আর চায়ের কাপে তুফানি ঝড়।
ফুটবল বিশ্বকাপ এলেই যেন রাতারাতি ভোল বদলে যায় তমলুকের বিভিন্ন পাড়ার। কোনও এক পাড়া বা একই পরিবার যেন স্পষ্ট দুটি শিবিরে ভাগ হয়ে গেছে। একদিকে রয়েছে ‘হলুদ-সবুজ’ পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের সমর্থকরা, অন্যদিকে ‘আকাশি-সাদা’ লিওনেল মেসির আর্জেন্টিনার অন্ধ ভক্তকূল। তবে ব্রাজিল বা আর্জেন্টিনা ছাড়াও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বা কিলিয়ান এমবাপের ফ্রান্সের সমর্থকেরাও নিজেদের জানান দিতে পিছিয়ে নেই। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই পাড়ার মোড়ে মোড়ে শুরু হয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের বাকযুদ্ধ।
তুলির টানে দেওয়াল জুড়ে ফুটবল মেলা। এইবারের ফুটবল বিশ্বকাপকে চিরস্মরণীয় করে রাখতে তমলুকের ফুটবলপ্রেমীরা এক অভিনব উদ্যোগ নিয়েছেন। শহরের বিভিন্ন ক্লাবের সদস্য ও সাধারণ যুবকেরা মিলে শুরু করেছেন দেওয়াল লিখনের কাজ। রং-তুলি হাতে পাড়ার দেওয়ালগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে প্রিয় ফুটবল তারকাদের ছবিতে। কোথাও দেওয়াল জুড়ে ফুটে উঠেছে ট্রফি হাতে লিওনেল মেসির হাসিমুখ, তো কোথাও ব্রাজিলের পোস্টার বয় নেইমারের জাদুকরী ড্রিবলিংয়ের মুহূর্ত। দেওয়াল চিত্রের পাশাপাশি বাঁশের খুঁটিতে উড়ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও পর্তুগালের জাতীয় পতাকা। পাড়ার প্রবেশদ্বারগুলো সাজান হচ্ছে বিশ্বকাপের রেপ্লিকা আর প্রিয় দলের কাট-আউট দিয়ে।
তমলুকের এক ফুটবল ভক্ত জানান “বিশ্বকাপে ভারত খেলে না ঠিকই, কিন্তু ফুটবল আমাদের আবেগের জায়গা। প্রিয় দলের প্রতি ভালবাসা প্রকাশ করতেই আমরা সবাই মিলে এই দেওয়াল চিত্র ও সাজানোর কাজ করছি,” আবেগের এক অনন্য উৎসব যেন ফুটবল। তমলুক শহরের এই ফুটবল উন্মাদনা প্রমাণ করে দেয় যে, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বয়স, পেশা ভুলে আবালবৃদ্ধবনিতা মেতে উঠেছেন এই বিশ্বযজ্ঞে। দেওয়াল চিত্র দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ পথচারীরাও। সবমিলিয়ে ভারত ফুটবল বিশ্বকাপে থাক আর না থাক ফুটবল জ্বর যেন সারা ভারতবর্ষের যুগে ছড়িয়েছে তার ব্যতিক্রম নয় পূর্ব মেদিনীপুর জেলার এই প্রাচীন শহর!
সৈকত শী
Kolkata,West Bengal
Jun 12, 2026 10:39 PM IST