Last Updated:
মঙ্গলবার ভোর ৪.১৫ মিনিট নাগাদ প্রথমবার ওই আবাসিক বহুতলে আগুন লাগে৷
জার্মানির বোখাম শহরে একটি আবাসিক বহুতলে আগুন লেগে তিন জন ভারতীয়ের মৃত্যু হল৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন৷ বুধবার জার্মানির কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷
জানা গিয়েছে মৃতদের মধ্যে দুই তরুণী এবং একজন তরুণ রয়েছেন৷ মৃত দুই তরুণীর বয়স যথাক্রমে ২৫ এবং ২৭৷ মৃত তরুণের বয়স ২৬৷ অগ্নিদগ্ধ বাড়িটির তৃতীয় তলা থেকে ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করে দমকল কর্মীরা৷
অগ্নিকাণ্ডের জেরে নাক মুখ দিয়ে ধোঁয়া ঢুকে অসুস্থ হয়ে পড়েন আরও ৫ জন৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও আহত এই ৫ জন কোন দেশের নাগরিক তা স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টেও জানানো সম্ভব হয়নি৷
এই ঘটনায় ৪১ বছর বয়সি রোমানিয়ার নাগরিক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, ধৃত নিজেও ওই বহুতলেরই বাসিন্দা ছিলেন৷ খুনের সন্দেহেই তাকে গ্রেফতার করেছে পুলিশ৷
জানা গিয়েছে, বোচুমের হোফস্টেড জেলায় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে৷ যে বহুতলটিতে আগুন লেগেছিল, সেখানে বেশ কয়েকটি পরিবার বসবাস করত৷
বোচুম পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে খুন বলে সন্দেহ করার মতো কারণ মিলেছে৷ জিজ্ঞাসাবাদের পরই সন্দেহভাজন ওই রোমানিয়ার নাগরিককে গ্রেফতার করে পুলিশ৷
প্রাথমিক তদন্তে কোনও যান্ত্রিক অথবা বৈদ্যুতিন সমস্যা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি৷ তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, চুরি অথবা লুঠ করতে গিয়েই ওই বাড়িতে আগুন লেগেছিল৷ তবে ইচ্ছাকৃত ভাবে এই আগুন লেগেছে না কি দুর্ঘটনাবশত, তা খতিয়ে দেখছে পুলিশ৷
