মুম্বই: পরিবারকে ট্রেনে তুলে দিতে গিয়েছিলেন। কেটেছিলেন প্ল্যাটফর্ম টিকিটও। কিন্তু ট্রেন লেট করায় জরিমানা দিতে হল যুবককেই। প্ল্যাটফর্ম টিকিটের মেয়াদ ফুরিয়ে গিয়েছে বলে দাবি করে ১০-২০ টাকা নয়, ৫০০ টাকা জরিমানা করলেন টিকিট চেকার। বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, ট্রেন দেরিতে ঢুকলে, তার দায় কার? সাধারণ মানুষকে কেন জরিমানা গুনতে হবে? (Railway Platform Ticket)
মহারাষ্ট্রের কল্যাণ জাংশন থেকে এই ঘটনা সামনে এসেছে। আদতে বিহারের বাসিন্দা আদিত্য সিংহ চৌহান পরিবারকে ট্রেনে তুলে দিতে গিয়েছিলেন। স্টেশনে ঢোকার আগে প্ল্যাটফর্ম টিকিটও কেটেছিলেন তিনি। কিন্তু ১২টার সময় ট্রেন ঢোকার কথা ছিল স্টেশনে। কিছু ক্ষণ পর ঘোষণা হয়, ট্রেন দু’ঘণ্টা দেরিতে ঢুকবে। শেষ পর্যন্ত পাঁচ ঘণ্টা দেরিতে স্টেশনে ঢোকে ট্রেন। (Indian Railways)
আরও পড়ুন: গৃহবধূরা জাতির রূপকার, ন্যূনতম ৩০০০০ টাকা বেতনের দাবিদার, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
সেই সময়ই আদিত্যকে ধরেন এক টিকিট চেকার। প্ল্যাটফর্ম টিকিট চাওয়া হয় তাঁর কাছ থেকে। আদিত্য প্ল্যাটফর্ম টিকিট দেখালেও, তাঁর কাছ থেকে ৫০০ টাকা চাওয়া হয়। কারণ জানতে চাইলে টিকিট চেকার আদিত্যকে জানান, প্ল্যাটফর্ম টিকিটের মেয়াদ দু’ঘণ্টা পর্যন্তই। আদিত্য যে প্ল্যাটফর্ম টিকিট কেটেছিলেন, সেটি এক্সপায়ার্ড। তাই জরিমানা বাবদ ৫০০ টাকা দিতেই হবে তাঁকে।
আরও পড়ুন:
ট্রেন দেরিতে ঢোকার দায় তিনি কেন নেবেন, কেন জরিমানা দেবেন, পাল্টা প্রশ্ন তোলেন অদিত্য। তাতে টিকিট চেকার যুক্তি দেন, দু’ঘণ্টা পর আর একবার প্ল্যাটফর্ম টিকিট কেনা উচিত ছিল। সেই নিয়ে তর্ক বাধে দু’জনের মধ্যে। শেষ পর্যন্ত ৫০০ টাকার চালান কাটেন টিকিট চেকার। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ওই যুবক।
স্টেশন চত্বর থেকেই ভিডিও বার্তা পোস্ট করেন আদিত্য। তাঁকে বলতে শোনা যায়, “১২টার ট্রেন ২টোয় ছাড়বে বলা হল। ৫টায় ছাড়ল শেষ পর্যন্ত। টিসি প্ল্যাটফর্ম টিকিট চাইলেন। দেখাতে বললেন, এক্সপায়ার হয়ে গিয়েছে। ৫০০ টাকা কি এমনি এমনি আসে? এ কেমন হিসেব রেলের? রেলকে জবাব দিতে হবে।”
রেলের নিয়মকে সামনে রাখলে, এক্ষেত্রে টিকিট চেকার নিজের দায়িত্বই পালন করেছেন। প্ল্যাটফর্ম টিকিটের মেয়াদ দু’ঘণ্টা পর্যন্তই। কিন্তু ট্রেন যেখানে দেরিতে ঢুকছে, তার দায় কেন সাধারণ মানুষকে নিতে হবে, প্রশ্ন তুলেছেন অনেকেই। ট্রেন লেট হলে রেল কি টাকা ফেরত দেয়, এই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। অধিকাংশ নেটিজেনই আদিত্যর পাশে দাঁড়িয়েছেন। বরং ভারতীয় রেলের হিসেব নিকেশের পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন।
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান