Last Updated:
গত বছরও হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ করতে আধার কার্ড বণ্টন নিয়ে অসমে আরও কড়া বিধিনিষেধ চালু করা হবে৷
১৮ বছর বয়সের উপরে কাউকেই আর নতুন আধার কার্ড দেবে না অসম সরকার৷ এ দিন এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেআইনি অনুপ্রবেশকারীরা যাতে নিজেদের নামে আধার কার্ড করাতে না পারেন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে তাঁর মন্ত্রিসভা৷
একমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে ১৮ বছরের উপরে কাউকে আধার কার্ড দিতে জেলা কমিশনার সেই প্রস্তাব রাজ্য সরকারকে পাঠাবেন৷ সংশ্লিষ্ট আবেদনকারী আধার কার্ড পাবেন কি না, আবেদন খতিয়ে দেখে সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার৷
অসমের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যে আধার কার্ডের বণ্টন চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে৷ হিমন্ত বিশ্বশর্মার কথায়, কোনও কোনও জেলায় একশো শতাংশের বেশি আধার কার্ড বণ্টন হয়েছে৷ এই অতিরিক্ত কার্ডগুলি কারা নিয়েছেন, আমরা তা চিহ্নিত করার চেষ্টা করছি৷
তবে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, চা বাগানের শ্রমিক এবং তফশিলি উপজাতি ভুক্ত সম্প্রদায়ের মানুষকে আধার কার্ড দেওয়া হবে৷ তবে আগামী ১ এপ্রিল ২০২৭-এর পর থেকে এই চা বাগানের শ্রমিক এবং তফশিলি উপজাতি ভুক্তদের মধ্যেও ১৮ বছরের বেশি বয়সের কাউকে আধার কার্ড দেওয়া হবে না৷
সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও অসমে অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্তকেই প্রচারের অন্যতম হাতিয়ার করেছিল বিজেপি৷ প্রচারে বিজেপি শিবির দাবি করেছিল, বেআইনি অনুপ্রবেশকারীরা জাতীয় নিরাপত্তার পক্ষেই বিপজ্জনক৷
প্রচারে পদ্ম শিবির আরও অভিযোগ করে, বিজেপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত অসমে অনুপ্রবেশ সমস্যা নিয়ে পূর্বতন সরকারগুলি কঠোর পদক্ষেপ নেয়নি৷ বরং ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া হত৷ তারই কুফল আজ ভোগ করছে অসম৷
Kolkata,West Bengal
