Last Updated:
Operation Tiger in Maharastra: দলীয় সূত্র মতে, সাংগঠনিক বিষয় পর্যালোচনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে এই বৈঠক ডাকা হয়েছিল।
মুম্বই: শিবসেনা ভেঙেছে আগেই৷ এবার আবারও ভাঙন? ‘অপারেশ টাইগার’ নিয়ে কানাঘুঁষো জল্পনা তৈরি হতেই রবিবার সবেধন নীলমণি ৯ সাংসদকে নিয়ে বৈঠক করলেন শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরে৷ রবিবার মুম্বইয়ে তাঁর বাসভবন ‘মাতোশ্রী’তে ৯ সাংসদকে নিয়ে বৈঠক করেন তিনি৷ যদিও জানা গিয়েছে, ৯ সাংসদের মধ্যে ৪ জন সাংসদ সশরীরে হাজির হয়েছিলেন৷ বাকি ৫ জনই ছিলেন অনলাইনে৷
মহারাষ্ট্র রাজনীতির অন্দরে জোর জল্পনা, উদ্ধব গোষ্ঠীর বেশ কয়েকজন সাংসদ নাকি উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরে যোগ দিতে চলেছেন৷ তলে তলে নাকি এ নিয়ে গুপ্ত বৈঠক এবং আলোচনাও সাড়া হয়ে গিয়েছে৷ দলের সেই ভাঙন আটকাতেই নাকি রবিবার তড়িঘড়ি ‘মাতোশ্রী’তে বৈঠক ডাকেন উদ্ধব ঠাকরে৷
বৈঠক শেষে বেরিয়ে সঞ্জয় রাউত বলেন, ‘‘এটা একটা নিয়মিত বৈঠক ছিল, আমরা প্রতি মাসে একবার বৈঠক করে থাকি৷ (অপারেশন টাইগার) এই গুজবগুলো বন্ধ করা উচিত৷’’ নেতার পাল্টা মন্তব্য, ‘‘আমরা অপারেশন উলফ চালাব৷’’
উদ্ধব গোষ্ঠী সূত্রের খবর, এদিন সাংগঠনিক বিষয় পর্যালোচনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে বৈঠকটি ডাকা হয়েছিল। তবে, শিন্ডের সঙ্গে উদ্ধব গোষ্ঠীর কারও কারও বৈঠকের কথা প্রকাশ্যে আসতেই এই বৈঠক ডাকা হয়েছিল বলে সূত্রের খবর৷
শিবসেনা (ইউবিটি) নেতা এবং রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত এই বৈঠককে অভ্যন্তরীণ কোনও দলীয় সংকটের সঙ্গে যুক্ত করতে সরাসরি নাকচ করেন। বরং গোটা বিষয়টিকে একটি সাধারণ সাংগঠনিক প্রক্রিয়া হিসাবে তুলে ধরেন৷ জানান, দলের বিধায়কদের সঙ্গে বৈঠকের মতোই এই ধরনের বৈঠকও একটি সাধারণ প্রথা।
রাউতের মতে, ‘অপারেশন টাইগার’ নিয়ে গত দুই বছর ধরে এমন দাবি শোনা যাচ্ছে৷ কিন্তু তার কোনও প্রতিফলন ঘটেনি।
অথচ, অন্যদিকে, মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় শিরসাতও তাদের তরফে এই ধরনের কোনও অভিযানের অভিযোগের কথা উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, কোনও “অপারেশন টাইগার” চালানো হচ্ছে না৷ তবে পাশাপাশি, তাঁর মন্তব্য, উদ্ধব গোষ্ঠীর বেশ কয়েকজন নেতা উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন।
Jun 14, 2026 11:22 PM IST
