Last Updated:
Train Accident: মধ্যপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে, একটি ট্রেন দাঁড়িয়ে থাকার সময় কিছু যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। সেই সময় পাশের লাইনে আসা একটি এক্সপ্রেস ট্রেন তাঁদের ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
ভোপাল: মধ্যপ্রদেশের মোরেনা জেলায় ভয়াবহ রেল দুর্ঘটনায় একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, একটি ট্রেন দাঁড়িয়ে থাকার সময় কিছু যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি এক্সপ্রেস ট্রেন তাঁদের ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
রবিবার বিকেল প্রায় ৪টা ১৫ মিনিট নাগাদ উত্তর মধ্য রেলের ঝাঁসি ডিভিশনের অন্তর্গত হেতমপুর রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় ১৯৬৬৫ নম্বর খাজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস হঠাৎ থেমে যায়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ট্রেনে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে ট্রেন থেকে নেমে যান। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ বগির এক যাত্রী অ্যালার্ম চেইন পুলিং (ACP) করায় ট্রেনটি থেমেছিল।
রেলের প্রাথমিক বিবৃতি অনুযায়ী, ট্রেন থেমে থাকার সময় কয়েকজন যাত্রী পাশের লাইনে চলে যান। ঠিক সেই সময় আপ লাইনে আসছিল ২০৪২৪ নম্বর ফিরোজপুর-সেওনি পাতালকোট এক্সপ্রেস। দ্রুতগতির ওই ট্রেন কয়েক জন যাত্রীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং অনেকে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে রেল আধিকারিক, পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণকাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এই ঘটনায় ঠিক কত জনের মৃত্যু হয়েছে বা কত জন আহত হয়েছেন, তা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ঘটনার কারণ এবং সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
