Last Updated:
গত রবিবার দিল্লিতে এনসিপিআই দলে মিশে যাওয়ার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেন তৃণমূলের বিক্ষুব্ধ ২০ জন সাংসদ৷ লোকসভায় এনডিএ-কে সমর্থনের কথা জানান তাঁরা৷
বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে তৃণমূলের অবস্থান স্পষ্ট করতে শুক্রবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরোয়া আলোচনা সারলেন এনসিপিআই-তে যোগ দেওয়া বেশ কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ৷
সূত্রের খবর বিক্ষুব্ধ সাংসদ শতাব্দী রায়ের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতেই বৈঠকে বসেন বিক্ষুব্ধ সাংসদরা৷ তৃণমূলের পক্ষ থেকে যেভাবে তাঁদের বিশ্বাসঘাতক বলে প্রচার করা হচ্ছে, তার পাল্টা রণকৌশল ঠিক করতেই মূলত এ দিনের আলোচনা হয় বলে খবর৷ বিশেষত মমতাপন্থী তৃণমূল শিবিরে থাকা মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা যেভাবে প্রতিদিন সমাজমাধ্যমে বিদ্রোহী সাংসদদের নিশানা করছেন, তার পাল্টা কী জবাব দেওয়া হবে, ঘরোয়া বৈঠকে সেই প্রসঙ্গও উঠে আসে৷
লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনই এনসিপিআই-তে যোগ দিয়েছেন৷ এ দিনের বৈঠকে যে সাংসদরা উপস্থিতরা হয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন মালা রায়, সুখেন্দুশেখর রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের মতো বিদ্রোহী সাংসদরা৷
বিদ্রোহী সাংসদদের একাংশের অভিযোগ, যে সব অভিযোগ তোলা হচ্ছে তাতে তাঁদের সম্মানহানি ঘটছে। আগামী দিনে এর মোকাবিলায় কি আইনের দ্বারস্থ হবেন তারা? সেই পথও বিবেচনা করছে তৃণমূলের বিদ্রোহী শিবির।
পাশাপাশি, রাজনৈতিক এই টানাপোড়েন মিটিয়ে কবে থেকে তাঁরা নিজেদের সংসদীয় এলাকায় যাবেন তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে৷ নিজেদের এলাকায় কোন কোন প্রকল্পকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাজ্য প্রশাসনের সাহায্য নিয়ে কাজ করা হবে, তা নিয়েও নিজেদের মধ্যে একপ্রস্ত আলোচনা করেছেন এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদরা৷ সূত্রের খবর আগামিকালই সংসদে এনসিপিআই দলে যোগ দেওয়া সাংসদরা নিজেদের দলীয় অফিস পেতে চলেছেন৷
Kolkata,West Bengal
Jun 18, 2026 10:00 PM IST
