Last Updated:
Prosenjit Chatterjee: শুক্রবার সিনেমা হলে মুক্তি পেল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অভিমান’। তবে ছবি মুক্তির দিনই ঘটল বিপত্তি৷ খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকেই উঠল অভিযোগের তীর । প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিমান ছবির ‘ভাবনা এবং চরিত্র চুরি’র অভিযোগ এনে বিস্ফোরক সুমন ঘোষ। এবার মুখ খুললেন টলিউডের জ্যেষ্ঠপুত্র।
কলকাতা: শুক্রবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গল্প ও চরিত্র চুরির অভিযোগ আনেন পরিচালক সুমন ঘোষ। পেশাগত দায়বদ্ধতা শেখার পরামর্শ দেন পরিচালক। শুক্রবার সিনেমা হলে মুক্তি পায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অভিমান’। আর রিলিজের দিনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিমানে তাঁর অভিনীত চরিত্র চুরি’র অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটান পরিচালক সুমন ঘোষ।
এবার মুখখুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি অত্যন্ত মর্মাহত হয়ে বলেন, ‘৪০ বছরের ওপর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এখন আমাকে চোর চোর অপবাদ শুনতে হচ্ছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন সুমনের দোষ নয়। তার বক্তব্যকে ঘিরে বাকি অনেকে সমাজমাধ্যম এবং অন্যত্র চোর চোর বলে অপবাদ দিচ্ছে সেটা প্রসেনজিতের কাছে অত্যন্ত যন্ত্রণার। তিনি মনে করেন তিনি একজন অভিনেতা তার কাছে কেউ যদি কোনও চরিত্রটা নিয়ে আসে সবকিছু যদি ঠিক থাকে তাহলে তার কাজ সেই চরিত্রটাকে রূপদান করা। ছবির চরিত্র কখনও এরকম ভাবে চুরি করা যায় প্রশ্ন তোলেন প্রসেনজিৎ। আর ছবির গল্পের বিষয়ে তিনি কিছু বলতে চান না। কারণ সেই বিষয়ে যিশু এবং সৌরভের প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই অফিশিয়াল বিবৃতি দিয়েছে।
যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস বিবৃতিতে জানান,”অভিমান ছবির প্রযোজক হিসেবে আমরা আমাদের সমগ্র সৃজনশীল দলের সততা, মৌলিকতা এবং নিষ্ঠা নিয়ে অত্যন্ত গর্বিত। ছবিটির মূল ভাবনা যীশু ইউ. সেনগুপ্তর৷ এবং ছবির চিত্রনাট্য ও সংলাপ তৈরি ও রচনা করেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায় । প্রতিষ্ঠিত শিল্প ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় সমস্ত নিবন্ধন, নথিপত্র এবং ডেভেলপমেন্ট সংক্রান্ত উপকরণ-সহ একটি সুস্পষ্ট ও নথিভুক্ত সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি তৈরি করা হয়েছে। আমরা অন্যান্য সকল চলচ্চিত্র নির্মাতার কাজ ও তাঁদের সৃজনশীল যাত্রাকে সম্মান করি।
তবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, অভিমান একটি সম্পূর্ণ মৌলিক কাজ, যা এর লেখক ও নির্মাতারা স্বাধীনভাবে সৃষ্টি করেছেন। আমরা আমাদের চিত্রনাট্যের স্বকীয়তা এবং এই ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের পেশাদার নৈতিকতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। আমরা বিশ্বাস করি, একটি শিল্পকর্মকে শেষ পর্যন্ত তার নিজস্ব গুণমান ও মূল্যবোধের ভিত্তিতেই বিচার করা উচিত। অভিমান আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আমরা সমস্ত দর্শক, সংবাদমাধ্যমের সদস্য এবং চলচ্চিত্র জগতের সকলকে ছবিটি দেখার এবং নিজেদের বিচার গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”
Kolkata,West Bengal
Jun 19, 2026 11:54 PM IST
