Last Updated:
দীর্ঘদিন ধরেই মেরামতির কাজ চলছে দ্বিতীয় হুগলি সেতুতে। বিকল্প রাস্তাও বলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।
কলকাতা: আজ, রবিবার দিনের অধিকাংশ সময়ের জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু৷ পুনর্গঠন ও মেরামতের জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ রয়েছে আজ। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানচলাচল বন্ধ রাখা হয়েছে। সেক্ষেত্রে কলকাতা থেকে হাওড়া যাওয়ার জন্য কলকাতার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি আছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি ব্রিজ৷ তাহলে কোন কোন রুট বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করতে পারবেন যাত্রী বা গাড়ি চালকেরা?
এর আগেও সেতু রক্ষণাবেক্ষণের বিভিন্ন সময় দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সাধারণত ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। মালবাহী গাড়ি বাদে বাস এবং গাড়ি আন্দুল রোড হয়ে আলমপুর মোড় দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে রুট করা হয়।
বন্ধ চিংড়িহাটা উড়ালপুলও৷ কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজের জন্য চিংড়িহাটাতে ৩২৫-৩২৬ নম্বর পিলারের সেগমেন্ট লঞ্চিয়ের কাজ চলছে৷ সেই কারণে শুক্রবার রাত ৮ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ চিংড়িহাটা উড়ালপুল৷ এ ক্ষেত্রে ই এম বাইপাস ও বেলাঘাটার মেইন রোডের সংযোগস্থল চিংড়িহাটা মোড় থেকে যেই উত্তরমুখী গাড়িগুলি উল্টোডাঙা ও সল্টলেকের দিকে যেতে গিয়ে চিংড়িহাটা উড়ালপুল ধরবে সেই গাড়িগুলিকে এই সময়টুকু ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিল্ডিং মোড় থেকে ঘুরে গাড়িগুলি সল্টলেকের দিকে যেতে পারবে৷ ফের ৩ জুলাই রাত ৮ থেকে ৬ জুলাই সকাল ৮ পর্যন্ত একইভাবে পিলার ৩২৬ ও ৩২৭ এর সেগমেন্ট লঞ্চিয়ের কাজের জন্য চিংড়িহাটা উড়ালপুল বন্ধ থাকবে বলে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতা পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
