Last Updated:
সিআইডি অফিসার পরিচয় দিয়ে মণি স্কোয়ারের সামনে থেকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। কোটি টাকা মুক্তিপণ না পেয়ে তাঁর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ।
কলকাতাঃ সিআইডি অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল কলকাতায়। অস্ত্র দেখিয়ে কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। মুক্তিপণ না পেয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা এবং একটি সোনার চেন নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনায় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা ওই ব্যবসায়ী আমদানি-রপ্তানির ব্যবসার কাজে দুই সঙ্গীকে নিয়ে ফুলবাগান থানা এলাকার একটি শপিং মলে এসেছিলেন। ব্যবসা সংক্রান্ত বৈঠক সেরে বেরোনোর সময় কয়েকজন ব্যক্তি তাঁকে আটকায়।
অভিযোগ, নিজেদের সিআইডি অফিসার পরিচয় দিয়ে তল্লাশির নাম করে ব্যবসায়ীকে একটি কালো রঙের গাড়িতে তুলে নেওয়া হয়। তাঁকে বাঁচাতে গেলে তাঁর দুই সঙ্গীকে মারধর করা হয় বলেও অভিযোগ।
এরপর চলন্ত গাড়িতে ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। গাড়িটি মধ্যমগ্রামের দিকে যেতে থাকে। ওই টাকা দিতে না পারায় চলন্ত গাড়িতেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তবে, ব্যবসায়ীর কাছ থেকে এত টাকা আদায় করা সম্ভব নয় বুঝতে পেরে এবং তাঁর দুই সঙ্গী পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন জানতে পেরে অপহরণকারীরা মধ্যমগ্রামের কাছে তাঁকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। অপহরণকারীরা তাঁর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও তিন লাখ টাকা সোনার চেন ডাকাতি করে বলে দাবি। ঘটনার পর আতঙ্কিত অবস্থায় ব্যবসায়ী মধ্যমগ্রাম হাসপাতালে চিকিৎসা করান। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Kolkata,West Bengal
