Last Updated:
সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানির সরবরাহ সুনিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য ঘাটতি রোধ করাই সরকারের মূল লক্ষ্য।
কলকাতা: জনগণের স্বার্থরক্ষাই সরকারের মূল লক্ষ্য৷ স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি জানান, ‘আমাদের সরকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি কোনো বাধা ছাড়াই যেনো সুচারুভাবে এগোতে থাকে তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।সাম্প্রতিক কন্টেইনারে (পাত্রে) ডিজেল সরবরাহ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার ফলে আমাদের পরিশ্রমী কৃষক ভাইরা, বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা কার্যক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। জনসাধারণের স্বার্থ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে হস্তক্ষেপ করেছে। আমরা প্রধান তেল কোম্পানিগুলোকে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে জ্বালানির বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছি। এই সমস্ত জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা ও গ্রাহকরা এখন থেকে কন্টেইনার বা ব্যারেলে সহজেই ডিজেল কিনে নিয়ে যেতে পারবেন এবং প্রতিদিন এই সকল গ্রাহকদের জ্বালানি প্রদানের ক্ষেত্রে যে সর্বাধিক সীমা নির্ধারণ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে। নির্ঝঞ্ঝাট ভাবে ডিজেল পাওয়ার জন্য পাম্পগুলোতে শুধুমাত্র প্রাথমিক পরিচয়ের নথিপত্র দেখালেই চলবে।’
সরকারের দাবি, দেশের কিছু অঞ্চলে পেট্রোল পাম্পগুলিতে হঠাৎ করেই পেট্রোল ও ডিজেলের বিক্রি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তদন্তে জানা গেছে, এর পেছনে সাধারণ গ্রাহকরা নয়, বরং বড় শিল্পপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের অতিরিক্ত জ্বালানি কেনাই মূল কারণ ছিল।
ভারত সরকার খুচরো পেট্রোল পাম্পে হাই-স্পিড ডিজেল (HSD) বিক্রির ওপর সীমা আরোপ করেছে।এখন থেকে একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ২০০ লিটার ডিজেল কিনতে পারবেন। বাণিজ্যিক গ্রাহকদের পেট্রোল ও ডিজেল তাদের অনুমোদিত ডিপো বা নির্দিষ্ট পাম্প থেকে সংগ্রহ করতে হবে।জ্বালানির মজুতদারি ও কালোবাজারি রোধে সরকার এই নির্দেশ জারি করেছে। এই অস্থায়ী নির্দেশ সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। তেল বিপণন সংস্থা এবং পেট্রোল পাম্প পরিচালকদের এই নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।সরকারের লক্ষ্য হল সাধারণ ভোক্তা এবং জরুরি পরিষেবার জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 28, 2026 11:12 AM IST
