Last Updated:
Arjun Singh on Tram: ট্রামের পুনরুজ্জীবন শুধু নয়, এবার শহরের ঐতিহ্য ফেরাতে ট্রাম সম্প্রসারণেরও ভাবনা বর্তমান বিজেপি সরকারের৷ এ বিষয়ে কী বললেন রাজ্যের নব দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং?
কলকাতা: ২০২৪ সালে কলকাতার অন্যতম পরিচয় ১৫০ বছরের পুরনো ট্রাম পরিষেবা প্রায় বন্ধ হওয়াপর মুখে দাঁড়িয়েছিল৷ পরবর্তী কালে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তা পুরোপুরি বন্ধ না হলেও, কলকাতা শহরজুড়ে খুব সীমিত রুটে ধিকধিক করে চলছে ট্রাম৷ কলকাতার সেই হারানো ঐতিহ্যকেই এবার ফিরিয়ে আনার অঙ্গীকার নিতে চলেছে বর্তমান বিজেপি সরকারি৷ রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং-এর কথায়, ‘‘শিল্পের পুনর্জাগরণ, কর্মসংস্থানের বিস্তার – এটাই বিজেপির অঙ্গীকার৷’’
কলকাতায় ট্রাম পরিষেবাকে পূর্ণ রূপে ফেরানোর পরিকল্পনা করছে বর্তমান বিজেপি সরকার৷ জানা গিয়েছে,ইতিমধ্যেই কলকাতার ট্রাম পরিষেবা পুনরুজ্জীবনের জন্য RITES-কে ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, গোটা কাজটি এগোবে কয়েকটি ধাপ অনুসরণ করে৷ প্রথম ধাপে বর্তমানে য়ে যে রুটে ট্রাম পরিষেবা চলছে, তার আধুনিকীকরণ করে পুনরায় চালু করা হবে৷
সূত্রের খবর, ট্রাম পরিষেবার পুনরুজ্জীবনের পরবর্তী পর্যায়ে ট্রাম নেটওয়ার্ককে বর্তমানে শহরের দ্বিতীয় অফিস পাড়া তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা সল্টলেক ও নিউটাউন পর্যন্ত সম্প্রসারণ করা হবে৷
বিদেশি তো বটেই এমনকি, ভারতের ভিন রাজ্যের পর্যটকদের কাছেও কলকাতা শহরের ছবি অর্থেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ এবং ট্রাম৷ তাই পর্যটনের গুরুত্বের নিরিখেও ট্রামকে রাখার ভাবনা রয়েছে বর্তমান সরকারের৷ পাশাপাশি, শহরের দুই প্রান্তে থাকা দুই তীর্থক্ষেত্রকেও ট্রাম দিয়ে জুড়তে চাইছে বিজেপি সরকার৷ কালীঘাট ও দক্ষিণেশ্বরকে ট্রাম রুটে যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে৷
রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং-এর কথায়, ‘‘আগের সরকার ট্রামের পুনরুজ্জীবন নিয়ে কিছুই ভাবেনি৷ কোনও উদ্যোগ নেয়নি৷ মুখ থুবড়ে পড়েছিল ট্রাম পরিষেবা৷ বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়েছিল৷ আমরা এবার ট্রাম নিয়ে নতুন পরিকল্পনা করছি৷ একগুচ্ছ পরিকল্পনা নিয়েছি৷ ট্রামের ঐতিহ্য বজায় রাখতে যে যে রুটে ট্রাম চলে সেখানে কাজ তো হবে়ই, পাশাপাশি সম্প্রসারণের কথাও ভাবনাচিন্তা করা হচ্ছে৷’’
