আবীর দত্ত, হাওড়া: আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর রুজু হল এবার। পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতেই এবার আগামীকাল শ্রীরামপুর থানায় তাঁকে হাজিরার সমন পাঠানো হয়েছে।
আরও পড়ুন, কলকাতা বইমেলা নিয়ে বড় সিদ্ধান্ত ? তাৎপর্যপূর্ণ মন্তব্য শমীক ভট্টাচার্যর, “..ক্ষোভ থাকবে”
পুলিশ সূত্র মারফত খবর, আজকে যখন এনআইএর তরফ থেকে তাঁর স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে আগে থেকেই বিক্ষোভ চলছিল। যে বিক্ষোভগুলি চলছিল, সেগুলি মূলত অপরূপা পোদ্দারের অনুগামীরাই চালাচ্ছিলেন বলে অভিযোগ। যখন তাঁর স্বামীকে গ্রেফতার করে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেইসময় অপরূপা পোদ্দার ফের বেরিয়ে আসেন বাড়ি থেকে। এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশ তাঁকে গাড়ির কাছাকাছি যেতে বারণ করে, কিন্তু তিনি গাড়ির সামনা সামনি যেতে চাইছিলেন। ঠিক সেইসময়ই পুলিশকে তিনি ধাক্কা দেন বলে একটি অভিযোগ দায়ের হয়েছে। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। এফআইআর রুজ করার পর, তাঁকে আগামীকাল শ্রীরামপুর থানায়, হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর।
২০২৩ সালের ২রা এপ্রিল, ধুনধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল হুগলির রিষড়ায়। রামনবমীর মিছিল ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে। যিনি নিজে তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি NIA. NIA সূত্রে দাবি, তল্লাশির সময় প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী সাকির আলির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ টিরও বেশি কার্তুজ।
কেন এই কার্তুজগুলি রাখা হয়েছিল? আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে কিনা, খতিয়ে দেখছে NIA. মঙ্গলবার সকালে অপরূপা পোদ্দারদের রিষড়ার বাড়িতে পৌঁছে যান NIA অফিসাররা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলি। NIA সূত্রে দাবি, রামনবমীর দিন অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেন, অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্তরকমভাবে কাজ করছেন, তাঁর স্বামীকে গ্রেফতার করা হল।
প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর গ্রেফতারির খবর সামনে আসতেই বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর অনুগামীরা। অপরূপা পোদ্দার নিজে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁর। মহিলা পুলিশ কর্মীকে কার্যত হেনস্থা করেন তিনি।এরপরই তৎপর হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কয়েক মিনিটের মধ্যে সরিয়ে দেওয়া হয় জমায়েত।তৃণমূল কাউন্সিলর ও অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে গাড়িতে তুলে নিয়ে এলাকা থেকে বেরিয়ে যায় NIA. ফের আরেক দফায় পুলিশের সঙ্গে বচসা বাধে অপরূপা পোদ্দারের।
Humayun Kabir: এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? | ABP Ananda