Last Updated:
ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের প্রথম মেমু ট্রেন হিসেবে এই অগ্রণী পদক্ষেপটি রেল পরিকাঠামোর রূপান্তর, যাত্রী অভিজ্ঞতার উন্নয়ন এবং আধুনিক, ধারাবাহিক ও গ্রাহক-কেন্দ্রিক রেল পরিষেবার মাধ্যমে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে-এর দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।
আগরতলা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এই অঞ্চলের প্রথম ‘মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট’ (মেমু) ট্রেন পরিষেবা শুরু করার মাধ্যমে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী রেল পরিবহণের এক নতুন যুগের সূচনা করেছে। আগরতলা রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ৭৫৬৭৯/৭৫৬৮০ (আগরতলা-করিমগঞ্জ-আগরতলা) মেমু ট্রেনের যাত্রার শুভ উদ্ধোধন করেন। যে ট্রেনটি আগে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) পরিষেবা হিসেবে চলেছিল, সেটিকে এখন সফলভাবে নতুন মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (মেমু)-তে রূপান্তর ও উন্নীতকরণ করা হয়েছে, এই রুটে বৈদ্যুতিকীকরণের কাজ সম্পন্ন হওয়ার পর এটি একটি উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতি।
এই ঐতিহাসিক পদক্ষেপটি সমগ্র অঞ্চলের রেলপথে দ্রুত বৈদ্যুতিকরণের পর আধুনিকীকরণ, স্থিতিশীল পরিবহণ ব্যবস্থা এবং যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে-এর ধারাবাহিক প্রচেষ্টায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। সুশান্ত চৌধুরী, মাননীয় খাদ্য, অসামরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক, পরিবহণ ও পর্যটন মন্ত্রী, ত্রিপুরা সরকার, রাজীব ভট্টাচার্য, মাননীয় সাংসদ (রাজ্যসভা), মিনারানি সরকার, বিধায়ক-এর মতো বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন রেলওয়ে কর্তৃপক্ষদের উপস্থিতিতে ফ্ল্যাগিং-অফ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
ত্রিপুরা তথা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে প্রথম মেমু পরিষেবা শুরু হওয়া একটি দ্রুততর, পরিচ্ছন্ন এবং অধিকতর দক্ষ রেলওয়ে সংযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক যুগান্তকারী সাফল্য। ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের বিপরীতে, মেমু ট্রেন পরিষেবা বৈদ্যুতিক ট্র্যাকশনে চলে, যা এগুলিকে পরিচালন ক্ষেত্রে পরিবেশবান্ধব, শক্তি-সাশ্রয়ী এবং সুলভ করে তোলে। মেমু ট্রেনগুলোর গতিবেগ বৃদ্ধি ও হ্রাসের ক্ষমতা অত্যন্ত উন্নত, যার ফলে স্টেশনগুলোর মধ্যে দ্রুত চলাচল সম্ভব হয় এবং সাব-আরবান ও কম দূরত্বের রুটে সামগ্রিক যাত্রা সময় কমে আসে। এগুলি যাত্রাকে আরও সুগম, কম শব্দ, রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা হ্রাস এবং যাত্রার সময় শূন্য নির্গমন নিশ্চিত করে৷ এর ফলে পরিবেশ-বান্ধব ও ধারাবাহিক পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ভারতীয় রেলেওয়ের অঙ্গীকার বাস্তবায়নে অবদান রাখে।
নতুন আগরতলা-করিমগঞ্জ-আগরতলা মেমু ট্রেন পরিষেবাটি ত্রিপুরা এবং অসমের সংলগ্ন অঞ্চলগুলর মধ্যে যাতায়াতের জন্য একটি নির্ভরযোগ্য, আরামদায়ক ও অধিক পরিবেশ-বান্ধব মাধ্যম হিসেবে দৈনিক যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। উন্নত সংযোগ ব্যবস্থা জনগণদের যাতায়াত সহজতর করবে, প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত করবে এবং আঞ্চলিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। এই পরিষেবাটি ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীদের যাতায়াত সুবিধাজনক করে স্থানীয় বাণিজ্যকে সহায়তা করবে এবং একই সাথে সড়কপথের তুলনায় রেল পরিবহণের ব্যবহারকে উৎসাহিত করবে।
