Last Updated:
অনেকেই টাকা পাননি, অন্নপূর্ণা যোজনায় যারা এখনও টাকা পাননি বা বাদ পড়তে পারেন এমন আশঙ্কা রয়েছে তাদের নিয়ে এবার কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব।
কলকাতা: অন্নপূর্ণা যোজনায় যারা এখনও টাকা পাননি বা বাদ পড়তে পারেন এমন আশঙ্কা রয়েছে তাদের নিয়ে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব। অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যসচিবের কড়া নির্দেশ, কোন যোগ্য উপভোক্তা যেন বাদ না পড়েন, কোন অযোগ্য উপভোক্তা যেন তালিকায় না ঢোকেন তা নিশ্চিত করতে হবে।
নবান্ন সূত্রে খবর, মোট ১.৬২ কোটি আবেদন জমা পড়েছে, তার মধ্যে ১.২২ কোটি আবেদন অনুমোদিত হয়েছে। তবে বাতিল হয়েছে ২৭.৮৩ লক্ষ আবেদন। আয়কর প্রদান, ৩টির বেশি ঘর সহ বিভিন্ন বাছাইয়ের ভিত্তিতে প্রাথমিক ভাবে বাতিল হয়েছে।
তবে বাতিল হওয়া প্রতিটি আবেদন মাঠ পর্যায়ে বাধ্যতামূলক তদন্ত করে রিপোর্ট পোর্টালে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই তদন্ত শুরু, আগামী ৭ দিনের মধ্যে সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
অফলাইন আবেদনও ডিজিটালাইজ করে ১০ জুলাইয়ের মধ্যে অনুমোদন বা বাতিলের সুপারিশ আপলোড করতে হবে বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আধার বা ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যার কারণে যাতে কোনও যোগ্য উপভোক্তা বঞ্চিত না হন, সে বিষয়ে জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব।
প্রসঙ্গত, ১১ পাতার অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রের অষ্টম পাতায় আবেদনকারীকে সর্বোচ্চ চার সন্তানের টিকাকরণের তথ্য বাধ্যতামূলকভাবে জানাতে হবে। পাশাপাশি সন্তানরা কোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে—সরকারি, সরকার-পোষিত, বেসরকারি নাকি মাদ্রাসায়—সেই তথ্যও উল্লেখ করতে হবে। মহিলাদের জন্য সরাসরি আর্থিক সহায়তা নতুন করে অন্নপূর্ণা যোজনা-র আওতায় আনা হয়েছে। অনুমোদিত পরিবারগুলিকে প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা দেওয়ার পাশাপাশি রাজ্য পরিচালিত বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও দেওয়া হবে।
Kolkata,West Bengal
