Last Updated:
Baruipur Incident CM Suvendu Adhikari: বারুইপুর কাণ্ডে ৬ সদস্যের SIT, দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির আশ্বাস শুভেন্দু অধিকারীর।
কলকাতা: সোমবার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। স্পষ্ট করে জানিয়ে দেন, ঘটনায় যুক্ত অপরাধীদের কাউকে ছাড়া হবে না। মঙ্গলবারই বারুইপুর পুলিশ সুপারের দফতরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘মিসিং ডাইরি হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন যদি যথেষ্ট সচেষ্ট না হয়ে থাকে, কারও কোনও গাফিলতি থাকলে পুলিশ কর্মীকে দরজা দেখিয়ে দেব।’ মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘নির্যাতিতার বাবা যা যা চাইবেন মুখ্যমন্ত্রী সাধ্য অনুযায়ী তাঁকে দেওয়ার জন্য প্রস্তুত। ন্যায় বিচার পাবেন। ক্যাপিটাল পানিশমেন্টের জন্য যা যা সুপারিশ করা দরকার রাজ্যের সরকার করবে।’
বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন। পুলিশ সূত্রে খবর, ঘটনার প্রধান অভিযুক্ত আনন্দ সর্দারকে সোমবার বারুইপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। বারুইপুরের ঘটনায় রাজ্য পুলিশ ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আন্দোলনের নামে গণপিটুনি! আইন এখন রয়েছে রাজ্যে। শক্তপক্ষ সরকার। ২০০ জনকে সনাক্ত করা হয়েছে। এই ২০০ জনের বিরুদ্ধে কী হয় এবার দেখুন।’
বারুইপুরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন। কিশোরীর বাবাকে মঙ্গলবার ডাকা হয়েছে ভবানীভবনে। প্রাথমিক ভাবে এই ঘটনায় তিনটি মামলা রুজু করেছিল পুলিশ। খুনের পাশাপাশি গণপিটুনিতে সন্দেহভাজনের মৃত্যু এবং পুলিশকে মারধরের পৃথক মামলা হয়। রেললাইন অবরোধের ঘটনাতেও পৃথক মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রীতি সাহা
Kolkata,West Bengal
