Last Updated:
Susmita Roy: দীর্ঘ ৭ বছরের অপেক্ষার অবসান৷ বির্তকে- কটুক্তিকে উপেক্ষা করে নিজের নতুন জীবন শুরু করেছেন সুস্মিতা৷ বিয়ের সাড়ে ৩ মাসের মধ্যে মা হলেন টেলি অভিনেত্রী সুস্মিতা রায়৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একরত্তির ছবি দিয়ে সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী৷
কলকাতা: টলিউডে খুশির খবর৷ মা হলেন টেলি অভিনেত্রী সুস্মিতা রায়৷ একাধিক বিয়ে, বিতর্ক, কটুক্তির পর নতুন করে পথচলা শুরু হয়েছিল সুস্মিতার৷ ব্যবসায়ী শুভাশিস দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র সাড়ে তিন মাসের মাথাতেই অভিনেত্রীর কোল আলো করে এল ফুটফুটে সন্তান৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার আনন্দের মুহূর্তে সমস্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সুস্মিতা৷ বিগত ৭ বছরের দীর্ঘ লড়াইয়ের পর মা হলেন সুস্মিতা৷ মাতৃত্বের এই অনন্য অনুভূতি আবেগঘন পোস্টে ব্যক্ত করেছেন সুস্মিতা৷ সন্তান হারানোর বুকফাটা যন্ত্রণার কথা এর আগেও একাধিকবার তুলে ধরেছেন সুস্মিতা৷ তবে সমস্ত যন্ত্রণা ভুলে এবার দুই থেকে তিন হলেন টেলি অভিনেত্রী৷
নিজের সোশ্যাল মিডিয়ায় একরত্তির ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন-‘মা’ হলাম৷ ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনও শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গেছে, তাই এবারের পথচলাটা নীরবে আগলে রেখেছিলাম। গতবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল—সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।
আর এই দীর্ঘ পথচলায়, যখন অনেকেই বিশ্বাস হারিয়েছিল, অনেকেই চাইনি আমি মা হই, তখন পাহাড়ের মতো অবিচল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ—আমার স্বামী, শুভাশিস দে। যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাকা সোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। তাকে ধন্যবাদ জানাব না, কারণ সে আমার নিজের মানুষ, আমার সন্তানের বাবা, আমার জীবনসঙ্গী। শুধু এটুকুই বলব—আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল।
আজ আমি মা হয়েছি। আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল। যারা সবসময় পাশে ছিলেন, শুভকামনা আর আশীর্বাদে আমাকে আগলে রেখেছেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমাদের জন্য আশীর্বাদ করবেন—এই ছোট্ট অলৌকিকতাকে ভালবাসায় ভরিয়ে রাখবেন।
Kolkata,West Bengal
