Last Updated:
তারাতলা কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে রাজ্য সরকার৷ গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার শীর্ষ আধিকারিক কালীচরণ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে৷
তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে শুধু এককালীন ক্ষতিপূরণ নয়, তাঁদের মাসে মাসে আর্থিক সাহায্য করা যায় কি না সেই চেষ্টাও করছে রাজ্য সরকার৷ এ দিন নবান্নে তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে যাঁরা আহত হয়েছিলেন তাঁদের যদি ভবিষ্যতে আরও চিকিৎসার প্রয়োজন হয়, সেই দায়িত্বও নেবে রাজ্য সরকার৷ দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধও৷
একই সঙ্গে এই ঘটনায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্য এবং যাঁরা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন তাঁদের জন্য কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশে অস্থায়ী কোনও কাজের ব্যবস্থা করা যায় কি না, তাও খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এ দিন নবান্ন সভাঘরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমরা ১৭ জনকে বাঁচাতে পেরেছি, ১৬ জনকে বাঁচাতে পারিনি৷ আমরা সবাই কে বাঁচাতে পারলে খুশি হতাম। অর্থনৈতিক ভাবে আপনারা অনেক দুর্বল। আপনাদের সরকার আপনাদের পাশে আছে৷
মুখ্যমন্ত্রী এ দিনও দাবি করেছেন প্রথমে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা এবং তার পর দ্রুততার সঙ্গে সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ শুরু করার কারণেই ১৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল৷ বিগত সরকারের ভুলের কারণেই এতবড় বিপর্যয় ঘটেছে বলে এ দিন ফের সরব হন মুখ্যমন্ত্রী৷ এসএসকেএম হাসপাতালে যেভাবে আহতদের চিকিৎসা হয়েছে, তারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী৷
গত ২৪ জুন দুপুরে তারাতলায় বেসব্রিজের কাছে ভেঙে পড়েছিল ওই নির্মীয়মাণ গোডাউন৷ সেই সময় ওই জায়গায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক কর্মরত ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল৷
Kolkata,West Bengal
