Last Updated:
Success Story: চুল বাঁধার একটি সামান্য উপকরণ কীভাবে একজন সাধারণ মানুষের জীবন বদলে দিতে পারে, তা প্রমাণ করলেন শান্তিপুরের বিভূতি বাবু। সাইকেলে পুতুলের চুলে হরেক রকমের খোঁপা বেঁধে বিক্রি করা এই ক্লিপের সুবাদেই তিনি আজ কাশ্মীর-সহ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: সামান্য ১০ টাকা দামের মহিলাদের চুল বাধার উপকরণ বিক্রি করার সুবাদে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান-সহ কাশ্মীর ভূস্বর্গ দেখার সৌভাগ্য হয়েছিল বিক্রেতার। সামান্য একটা প্রযুক্তি আর তাতেই মহিলা মহলে আলোড়ন! গ্রাম শহরে ঘুরে ঘুরে ট্রেন, বাসে হকারি করে বহু পরিবারের অন্ন সংস্থান, সামান্য ১০, ২০ টাকা দামের একটি চুলবাঁধার ক্লিপ। একটি ক্লিপ দিয়েই চুল বাঁধা যায় প্রায় ২০ থেকে ২৫ ধরনের।
সাইকেলের উপর একটি পুতুলের মডেল বসিয়ে সেই মডেলের বিভিন্ন ধরনের চুল বেঁধে দেখিয়ে দেন তিনি সকল খরিদ্দারকে। বিয়ে বাড়ির চুল বাধা থেকে শুরু করে কর্পোরেট অফিসে কিংবা গৃহস্থালি কাজকর্মের জন্য বিভিন্ন ধরনের চুল বাধা খোঁপা করা এই ক্লিপের মাধ্যমে হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। শুধু তাই নয় এই সামান্য একটি উপকরণ বিক্রি করার সুবাদেই পূর্ব বর্ধমানের বিক্রেতা বিভূতি মণ্ডল ঘুরেছেন দেশের প্রায় ১৫ টি রাজ্য, এমনকি ভূস্বর্গ কাশ্মীরেও হকারির সুবাদে ঘোরা হয়ে গিয়েছে তার!
বিক্রেতা বিভূতি বাবু জানাচ্ছেন, এই চুল বাধার উপকরণ তিনি বিক্রি করছেন তিন বছর। তার আগে প্লাস্টিকের টিয়া পাখি। করোনার সময় মূল পেশা কাঁচামালের ব্যবসা হারাতে হয়েছিল আর তারপরেই বেছে নেন এই হকারির মাধ্যমে উপার্জন। পরিবারে স্ত্রী এবং এক পুত্র, মেয়ের বিয়ের দেওয়া হয়ে গেছে। সারাদিনে ১০০ থেকে ১৫০ পিস এই উপকরণ বিক্রি হয়। তবে জেলার আরও বেশ কয়েকজন বিক্রেতার সাথে তার আলাপ রয়েছে অন্য রাজ্যে বিক্রি করতে গেলে একসঙ্গে সকলে মিলে গিয়ে একটি ঘর ভাড়া নিয়ে থেকে একমাস বাদে ফেরেন বাড়িতে। তবে নানা দর্শনীয় স্থান ঘুরলেও পরিবারের কাউকে কখনও নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
Nadia,West Bengal
Jul 07, 2026 11:35 AM IST
Success Story: এক ক্লিপেই ২৫ রকমের খোঁপা! বিভূতি বাবুর হাতের জাদুতে মন গলছে ১৫ রাজ্যের মহিলাদের, আসল গল্প আরও চমকপ্রদ