Last Updated:
মঙ্গলবার রাতে হরমুজ প্রণালীতে তিনটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়। আমেরিকার দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে আইআরজিসি।
ওয়াশিংটন ডিসি: নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। ইরানে ফের হামলার ইঙ্গিত দিয়ে ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তাঁর কাছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অধ্যায় শেষ। তিনি বলেন, ইরানের সঙ্গে আর কোনও ধরনের আলোচনা বা সমঝোতায় আগ্রহী নন।
ট্রাম্প বলেন, “আমার মতে সব শেষ। আমি আর ওদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না। ওরা নিকৃষ্ট মানুষ। ওরা অসুস্থ মানসিকতার মানুষ, অসুস্থ নেতৃত্বের অধীনে রয়েছে এবং অত্যন্ত হিংস্র ও সহিংস। যদি ওদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ওরা তা ব্যবহার করত। আমার কাছে বিষয়টি এখানেই শেষ।” ইরানিদের ‘মিথ্যাবাদী, প্রতারক ও অসুস্থ মানসিকতার মানুষ’ বলে মন্তব্য করে ট্রাম্প দাবি করেন, গত রাতে যুক্তরাষ্ট্র ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাঁর দাবি, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তিনটি জাহাজে হামলার পরই এই সামরিক অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ওই হামলার পিছনে ছিল ইরানের সেনাবাহিনী।
হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর মঙ্গলবার ইরানের বিরুদ্ধে “শক্তিশালী” সামরিক হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এবারের হামলা আগের চেয়ে ‘চার বা পাঁচ গুণ বেশি শক্তিশালী হতে চলেছে’, দাবি আমেরিকার৷ পাশাপাশি, আরও হামলার হুঁশিয়ারিও দিয়েছে আমেরিকা৷ মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সোশ্যাল মিডিয়া X- হ্যান্ডেলে করা এক পোস্টে জানায়, ‘বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে উচিত শিক্ষা দিতেই এই অভিযান চালানো হয়েছে’৷ ওই আধিকারিকের দাবি, এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরানের বিরুদ্ধে এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও তীব্র হামলা৷
ট্রাম্প আরও বলেন, “ওরা মিথ্যাবাদী, প্রতারক, অসুস্থ মানুষ। নিজেদের দেশের মানুষেরই ক্ষতি করেছে। যারা প্রতিবাদ করছিল, তাদের মধ্যে এখন পর্যন্ত ৫৪ হাজার মানুষকে হত্যা করেছে। অনেকে প্রশ্ন করেন, তারা কেন সরকার বদলাতে পারেনি? কারণ তারা আর বেঁচে নেই।” তিনি আরও বলেন, “গত রাতে আমরা অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছি। ইরানের অত্যন্ত বিপজ্জনক ব্যক্তিদের লক্ষ্য করা হয়েছে। ওরা অসুস্থ, ওদের মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে।”
ট্রাম্প বলেন, “সত্যি বলতে, আমি আর ওদের পেছনে সময় নষ্ট করতে চাই না। আমাদের আলোচকরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, কিন্তু আমি তাতে কোনও ভবিষ্যৎ দেখি না। আমার কাছে ইরানের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়। ওরা মিথ্যাবাদী।” ইরানকে ‘অশুভ শক্তি’ আখ্যা দিয়ে ট্রাম্প ফের দাবি করেন, এই সংঘাতের মূল উদ্দেশ্য হল তেহরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা এবং যুক্তরাষ্ট্র সেই লক্ষ্যেই এগোচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য আসে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের বিরুদ্ধে ‘শক্তিশালী’ সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই। এর জবাবে ইরান ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলিতে পাল্টা হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলির ওপর ইরানের হামলার জবাব হিসেবেই এই ‘শক্তিশালী’ সামরিক অভিযান চালানো হয়েছে এবং বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে সতর্ক করা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
