Last Updated:
Honeymoon Suite in Train: ফুল, বেলুন, ফেয়ারি লাইটে সাজানো ট্রেনের ফার্স্ট এসি কুপে! নবদম্পতির জন্য বিশেষ আয়োজন ঘিরে ভাইরাল ভিডিও।
মুম্বই: নবদম্পতির ট্রেনযাত্রাকে স্মরণীয় করে তুলতে ফার্স্ট এসি কুপে ফুল, বেলুন এবং ফেয়ারি লাইট দিয়ে সাজানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন দেখে অনেকেই কুপেটিকে ‘চলন্ত হানিমুন স্যুট’ বলে মন্তব্য করেছেন। তবে একইসঙ্গে প্রশ্ন উঠেছে, রেলের অনুমতি নিয়েই কি এই ধরনের সাজসজ্জা করা হয়েছে?
ভিডিওটি প্রথম পোস্ট করে মহারাষ্ট্রের জলনা-ভিত্তিক ইভেন্ট ডেকোরেশন সংস্থা ‘রাহাত রুম ডেকোরেশন’। সংস্থার দাবি, মহারাষ্ট্রের একটি রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা চেন্নাইগামী একটি ট্রেনের ফার্স্ট এসি কুপেতে নবদম্পতির জন্য এই বিশেষ সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছিল।
ভিডিওর শুরুতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখা যায়। এরপর ক্যামেরা কোচের করিডর পেরিয়ে নির্দিষ্ট কুপের সামনে পৌঁছায়। কুপের প্রবেশপথে গোলাপি রঙের পুঁতির পর্দার সঙ্গে হৃদয় আকৃতির সাজসজ্জা নজর কাড়ে। ভিতরে ঢুকতেই দেখা যায়, পুরো কুপেটি সাধারণ ট্রেনের কেবিনের চেয়ে সম্পূর্ণ আলাদা রূপ নিয়েছে। ছাদজুড়ে লাল ও সাদা বেলুন, মেঝেতে ছড়ানো গোলাপের পাপড়ি, আর দেওয়াল ও জানালায় গোলাপ, গাঁদা এবং রজনীগন্ধার মালা ও ফুলের তোড়া দিয়ে সাজানো হয়েছে।
নিচের বার্থে সাদা চাদরের উপর লাল ও সাদা ফুলের পাপড়ি দিয়ে বড় একটি হৃদয়ের নকশা তৈরি করা হয়েছে। বিছানাজুড়েও ছড়িয়ে রয়েছে গোলাপের পাপড়ি। ভাঁজ করা উপরের বার্থে রাখা হয়েছে ‘আই লাভ ইউ’ লেখা কাট-আউট। পুরো কুপে ফেয়ারি লাইটের আলোকসজ্জা এই আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পরে ভিডিওটি একাধিক সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার হওয়ার পর অনেকেই এই কুপেকে ‘সুহাগরাত এক্সপ্রেস’ বলেও উল্লেখ করেছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর যেমন অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন, তেমনই অনেকে প্রশ্ন তুলেছেন, রেলের অনুমতি নিয়ে এই সাজসজ্জা করা হয়েছে কি না। এক নেটিজেন মন্তব্য করেন, রেলের অনুমতি নিয়ে যদি এমন উদ্যোগ করা হয়ে থাকে, তবে এটি দম্পতিদের আকৃষ্ট করতে পারে এবং বিশেষ কুপে ভাড়া দিয়ে রেলেরও আয় বাড়তে পারে। তবে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও নিশ্চিত করা জরুরি।
অন্য এক ব্যবহারকারী সরাসরি প্রশ্ন তোলেন, ‘এ জন্য কি রেলের অনুমতি নেওয়া হয়েছে?’ আবার কেউ লেখেন, ‘টাকায় সবই সম্ভব।’ আরও এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটা কবে থেকে শুরু হল? একেবারেই অপ্রত্যাশিত।’ অন্য একজন এই সাজানো কুপেকে ‘চলন্ত হানিমুন স্যুট’ বলে বর্ণনা করেছেন।
Kolkata,West Bengal
