Last Updated:
Pravash Mondal Encounter Update: পোস্টমর্টেমের আগে ডিজিটাল এক্স-রে, প্রভাস মণ্ডলের দেহে নতুন ফরেনসিক পদ্ধতি চালু পশ্চিমবঙ্গে।
কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিং-এর সামনে দীর্ঘ দেড় ঘণ্টা ধরে বারুইপুরের এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের দেহ, শবদেহ বহনকারী যানে রাখা ছিল। ডিজিটাল এক্স-রে ইউনিটে সেই দেহ ঢোকানো হয়। রাজ্যের ইতিহাসে এই প্রথম এই ধরনের কোনও বুলেট ইনজুরির ক্ষেত্রে এক্স-রে করা হল অটোপসির আগে। কারণ, যাতে ডকুমেন্টেশন সঠিকভাবে করা হয়। বুলেট শরীরের ভিতরে রয়েছে কিনা সেটা জানা যাবে।
কেন অটোপসির আগে এক্স-রে করার সিদ্ধান্ত নেওয়া হল? কারণ, প্রথমত, কোনও ভাবেই যাতে পরবর্তীতে কেউ না বলতে পারে যে মৃত্যুর পরে বুলেট শরীরের ভিতরে ঢোকানো হয়েছে। দ্বিতীয়ত যদি বুলেট ভিতরে থেকে থাকে তবে ঠিক কোন জায়গায় রয়েছে সেটা জানা যাবে। ফলে ময়নাতদন্তের অনেকটাই সুবিধা হবে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ দেশের বেশ কিছু রাজ্যে এই নিয়ম প্রচলিত রয়েছে। এ রাজ্যে এই প্রথম পোস্টমর্টেম-এর আগে এক্স-রে করা হচ্ছে শবদেহের।
বারুইপুরে নাবালিকার নির্যাতন এবং হত্যাকাণ্ডের তদন্তে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল বারুইপুর জেলা পুলিশ৷ মঙ্গলবার রাতে সেই সিট-এর তদন্তকারী অফিসাররা এবং বারুইপুর থানার একটি দল মিলে ধৃত প্রভাস মণ্ডলকে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যায়৷ কিন্তু বারুইপুরের সূর্যপুরের সেই ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে নামানোর সময়ই ধৃত প্রভাস সিট-এর সদস্য ক্যানিং থানার সাব ইনস্পেক্টর রনি সরকারের কোমরে থাকা আগ্নেয়াস্ত্র কেড়ে নেয় বলে অভিযোগ৷ শুধু আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়াই নয়, বেপরোয়া প্রভাস পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালিয়ে দেয় বলে অভিযোগ৷
অন্ধকারের মধ্যে সেই সময় যা কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল৷ বেপরোয়া হয়ে ওঠা প্রভাসকে নিরস্ত করতে না পারলে পুলিশকর্মীদের আহত হওয়ার আশঙ্কা ছিলই৷ শুধু তাই নয়, ঘটনার অন্যতম মূল সাক্ষী এবং অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস কয়েক মুহূর্ত সময় পেলেই অন্ধকারের সুযোগ নিয়ে গা ঢাকা দিয়ে দিত৷ এই পরিস্থিতিতে প্রভাসকে লক্ষ্য করে পাল্টা গুলি চালান ঘটনাস্থলে থাকা সিট-এর আর এক সদস্য এবং বারুইপুর থানার সাব ইন্সপেক্টর অর্ঘ্য মণ্ডল৷ সেই গুলি লাগে প্রভাসের শরীরে৷ মাটিতে লুটিয়ে পড়ে সে৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷
অভিজিৎ চন্দ
Kolkata,West Bengal
Jul 08, 2026 11:00 PM IST
