Last Updated:
Offbeat Destination: বর্ষায় জঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য মন ছটফট করে বাঙালির। কিন্তু এই সময় অনেকেই উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন। আবার বর্ষায় সুন্দরবন ভ্রমণ অনেকেই এড়িয়ে যান। তাদের জন্য ঘরের কাছেই রয়েছে নতুন ঠিকানা। পুরুলিয়ার দুয়ারসিনি। এই জায়গায় গেলে আপনার বর্ষায় কয়েকটা দিনের ছুটি জমে যাবে।
পুরুলিয়া ও ঝাড়খণ্ড সীমান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে দুয়ারসিনি। এই বর্ষায় নিজেকে সাজিয়ে তুলেছে এক মায়াবী রূপে। যা অনায়াসেই টেক্কা দিতে পারে যেকোনও নামী পর্যটনকেন্দ্রকে। শাল, পিয়াল, শিমুল আর পলাশের ঘন অরণ্যে ঘেরা এই জায়গা প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। যেখানে শহুরে কোলাহলের কোনও স্থান নেই। চারদিকে নিস্তব্ধতার মাঝে শুধু হরেক রকমের পাখির কিচিরমিচির আর দূরে তাকালেই পাহাড়ের সীমানা। প্রকৃতির মনমুগ্ধকর এই রূপ সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিতে পারে নিমেষেই।
পশ্চিমবঙ্গ সরকারের বন উন্নয়ন নিগমের পক্ষ থেকে এখানে মাটির বাড়ির আদলে তৈরি ইকো-কটেজ রয়েছে। যা কম খরচে প্রকৃতির কোলে থাকার রাজকীয় অনুভূতি এনে দেয়। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বুকিং করা যায় এই ইকো কটেজ। পকেটের ওপর বাড়তি চাপ না দিয়ে পাহাড়, জঙ্গল, নদী আর জলপ্রপাতের এমন নিখুঁত মেলবন্ধন উপভোগ করতে এই বর্ষার উইকএন্ডে পুরুলিয়ার দুয়ারসিনির চেয়ে সেরা বিকল্প আর কিছুই হতে পারে না। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার যাত্রায় পৌঁছে যাওয়া যায় এই স্বর্গ রাজ্যে হাতে দুদিন ছুটি পেলেই ঘুরে আসা যায় দুয়ারসিনি থেকে
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Jul 08, 2026 11:07 AM IST
Offbeat Destination: বর্ষায় ডুয়ার্সকেও টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের এই ‘অফবিট ডেস্টিনেশন’! কীভাবে যাবেন? কোথায় থাকবেন? রইল সম্পূর্ণ ট্রাভেল গাইড
