Last Updated:
Gita Translation in Bengali: সংস্কৃতের কঠিন গণ্ডি পেরিয়ে শ্রীমদ্ভগবদ্গীতার অন্তহীন বাণীকে সবার জন্য সহজপাঠ্য করে তুলেছেন বাঁকুড়া শহরের স্টেশন মোড় এলাকার বাসিন্দা সোমা চৌনী। তাঁর এই অনন্য মেধা ও একাগ্রতার স্বীকৃতিস্বরূপ কলকাতার সৃজনা ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হল সম্মানজনক পুরস্কার।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: গীতার মর্মার্থ সকলের কাছেই সহজলভ্য করে তুলতে অসম্ভব কাজ করেছেন বাঁকুড়ার এক মেয়ে। ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড। নিজের মেধা, পরিশ্রম আর একাগ্রতার জোরে আবারও বড় সম্মান পেলেন বাঁকুড়া শহরের স্টেশন মোড় এলাকার বাসিন্দা তথা একটি কলেজের শিক্ষিকা সোমা চৌনী। বাংলা ভাষায় সহজভাবে শ্রীমদ্ভগবদ্গীতার অনুবাদ করে তিনি আগেই সারা দেশে পরিচিতি পেয়েছিলেন। এবার সেই কাজের স্বীকৃতিস্বরূপ গত ২৮ জুন কলকাতার টালিগঞ্জের সৃজনা ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল আচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’এর পক্ষ থেকে তাঁকে ‘বঙ্গ প্রতিভা সম্মান’ প্রদান করা হয়। এই সম্মান পাওয়ায় খুশি শুধু সোমা নন, গর্বিত গোটা বাঁকুড়াও।
সংস্কৃত ভাষায় লেখা গীতা অনেকের কাছেই কঠিন মনে হয়। তাই সাধারণ মানুষ যাতে সহজে গীতার শিক্ষা ও ভাবার্থ বুঝতে পারেন, সেই লক্ষ্য নিয়েই বাংলা ভাষায় অনুবাদের কাজ শুরু করেছিলেন সোমা চৌনী। মূল ভাব অক্ষুণ্ণ রেখে সহজ ভাষায় প্রতিটি শ্লোকের অর্থ তুলে ধরতে তিনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন। তাঁর এই কাজ ইতিমধ্যেই বহু পাঠকের প্রশংসা কুড়িয়েছে।
Bankura,Bankura,West Bengal