Last Updated:
বিশেষজ্ঞদের মতে, চীনে ওষুধ, খাদ্য এবং চামড়া শিল্পের জন্য সাপের খামার প্রচলিত হলেও বন্যাপ্রবণ এলাকায় এই ধরনের খামার বড় ঝুঁকি তৈরি করতে পারে।
বেজিং: প্রবল বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ চীনের গুয়াংসি প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝড়ে নদীর জল বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে ঘটে গেল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। বন্যার জলে ভেসে গিয়ে একটি সাপের খামার থেকে পালিয়ে যায় প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ। ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
জানা গিয়েছে, গুয়াংসির হেংঝৌ শহরের কাছে অবস্থিত একটি স্নেক ব্রিডিং ফার্মে বন্যার জল ঢুকে পড়ে। প্রবল স্রোতে খামারের বেড়া, খাঁচা ও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে যায়। এরপরই সাপগুলি আশপাশের গ্রাম, কৃষিজমি এবং বাড়িঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন সঙ্গে সঙ্গেই সতর্কতা জারি করেছে। জরুরি পরিষেবা, পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে বিশেষ উদ্ধারকারী দল গঠন করা হয়েছে। তাঁরা জাল, লম্বা লাঠি ও বিশেষ সরঞ্জামের সাহায্যে সাপ ধরার কাজ চালাচ্ছেন। তবে রাতের অন্ধকারে অভিযান চালানো আরও কঠিন হয়ে পড়ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে যাওয়া অধিকাংশ সাপ বিষহীন হলেও তাদের মধ্যে বিষধর কোবরাও রয়েছে। ইতিমধ্যেই সাপের কামড়ে অন্তত একজন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় ও বন্যায় গুয়াংসিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ৬ জনের মৃত্যু হয়েছে, ১১ জন নিখোঁজ এবং প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। হাজার হাজার হেক্টর কৃষিজমি জলের তলায় চলে গেছে। বহু মানুষ এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এই ঘটনার পর স্নেক ফার্মগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
