Last Updated:
Malda Mango: মালদহের আম চাষে এখন প্রযুক্তির জয়জয়কার। কৃষি বিজ্ঞানীদের দেখানো পথে হেঁটে স্টিকি ও ফেরোমন ট্র্যাপ এবং ফ্রুট ব্যাগিংয়ের মেলবন্ধনে তৈরি হচ্ছে বিশ্বমানের ফল। ‘আমার মালদা’ ব্র্যান্ডের ছাতার তলায় এসে রেকর্ড দামে আন্তর্জাতিক বাজারে আম রফতানি করে নজির গড়ছেন মালদহের প্রান্তিক চাষিরা।
মালদহ, জিএম মোমিন: মালদহের আমের সুনাম এবার আরও ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারে। বৈজ্ঞানিক ও জৈবিক পদ্ধতিতে উৎপাদিত জেলার উন্নতমানের আম সরাসরি নয়, এক্সপোর্টার্স সংস্থার মাধ্যমে আমেরিকা, ইতালি, লন্ডন-সহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মালদহের আম পৌঁছে গিয়েছে। এবার ইউরোপ ও আমেরিকার বাজার থেকেও নতুন করে রফতানির বরাত এসেছে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আধুনিক প্রযুক্তিতে আম চাষ করায় ফলের গুণগত মান যেমন বেড়েছে, তেমনই বেড়েছে বিদেশি ক্রেতাদের চাহিদা। উন্নতমানের এই আমের জন্য স্থানীয় বাজারের তুলনায় প্রায় দ্বিগুণ দামও পাচ্ছেন চাষিরা।
উন্নত পদ্ধতিতে আম চাষ করা চাষি অনুপ প্রসাদ সাউ বলেন, “গত বছর থেকেই কৃষি বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী আম চাষ করছি। ফ্রুট ব্যাগিং, স্টিকি ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ ব্যবহার এবং পরিমিত সেচের মাধ্যমে স্বাস্থ্যসম্মত ও উন্নতমানের আম উৎপাদন হয়েছে। রফতানিযোগ্য মানের আম হওয়ায় কলকাতার এক্সপোর্টার্স সংস্থাগুলির কাছ থেকে বিদেশে পাঠানোর জন্য নিয়মিত অর্ডার আসছে। পাশাপাশি স্থানীয় বাজারের তুলনায় অনেক বেশি দামও মিলছে।”
এই বিশেষ পদ্ধতিতে আম চাষে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা। কেন্দ্রের প্রধান ড. দূষ্যান্ত কুমার রাঘব জানান, “আম চাষিদের নিয়ে ক্লাস্টার গঠন করে এক্সপোর্ট কোয়ালিটির আম উৎপাদনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবার জেলার একাধিক বাগানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ হয়েছে। উন্নতমানের ফল উৎপাদন হওয়ায় বিভিন্ন দেশ থেকে রফতানির অর্ডার আসছে। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে ‘আমার মালদা’ ব্র্যান্ডের মাধ্যমে চাষি, ব্যবসায়ী ও রফতানিকারকদের এক ছাতার তলায় আনা হয়েছে। জেলা প্রশাসন ও রফতানিকারকদের সহযোগিতায় আন্তর্জাতিক বাজারে মালদহের আমের চাহিদা ক্রমশ বাড়ছে।”
Maldah,West Bengal