Last Updated:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক নিয়ে জল্পনায় ইতি টানলেন অভিনেতা প্রসেনজিৎ। রাজনীতিতে যোগ দিচ্ছেন কি না এই নিয়েও সব প্রশ্নের উত্তর দেন অভিনেতা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে জল্পনায় ইতি টানলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউড মহাতারকা এই প্রসঙ্গে সব জল্পনা উড়িয়ে সক্ষাতের কারণ তুলে ধরেন।
প্রসেনজিৎ জানালেন, বৈঠকে রাজনীতি নয়, মহানায়ক উত্তম কুমারের ১০০ বছর জন্মজয়ন্তী উদযাপন নিয়েই আলোচনা হয়েছে। ৪০ বছরের কাজের অভিজ্ঞতায় ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রয়োজন ও দীর্ঘ দিনের সুযোগ-সুবিধার বিষয়ও তুলে ধরা হয়েছে বলেই দাবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।
উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনকে সারা দেশে স্মরণীয় করে তুলতে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ফিল্ম ফেস্টিভ্যাল হবে বলেও আশাবাদী প্রসেনজিৎ, তবে চলচ্চিত্রে বিনিয়োগ নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি বলে জানান তিনি। আগামী ৩–৪ মাসের মধ্যে বিষয়গুলি আরও এগোবে বলে আশা প্রকাশ করেন অভিনেতা। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে নতুন করে গড়ে তুলতে প্রয়োজন বিনিয়োগ এবং সিনেমা হল। নতুন সরকার আসার ফলে এই সমস্যাগুলির সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনীতিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, “আমি যদি কখনও রাজনীতিতে আসি, সবার আগে সংবাদমাধ্যমকেই জানাব। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদে রয়েছেন। সেই চেয়ারের প্রতি সম্মান জানিয়েই দেখা করতে গিয়েছিলাম।” মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এমনটাই জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে এবার টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন অমিত শাহ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বেশ কিছু বই উপহার দেন তিনি এবং বাংলা চলচ্চিত্র নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছিল, নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে দু’জনের মধ্যে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
