Last Updated:
IBM Stock Crash: দ্বিতীয় ত্রৈমাসিকের দুর্বল পারফরম্যান্স, এআই-চালিত বাজারে দ্রুত মানিয়ে নিতে ব্যর্থতা এবং সাইবার নিরাপত্তা উদ্বেগের জেরে আইবিএমের শেয়ার একদিনে ২৫ শতাংশের বেশি পড়ে যায়। এতে সংস্থার বাজারমূল্য থেকে প্রায় ৬৭ বিলিয়ন ডলার মুছে যায়।
কলকাতাঃ মার্কিন প্রযুক্তি সংস্থা আইবিএম (IBM)-এর শেয়ারে নজিরবিহীন ধস নেমেছে। মঙ্গলবার একদিনেই সংস্থার শেয়ারদর ২৫.২ শতাংশ পড়ে প্রায় ২১৭ ডলারে নেমে আসে। ১১৫ বছরের ইতিহাসে এটি আইবিএমের সবচেয়ে বড় একদিনের পতন। এই ধাক্কায় সংস্থার বাজারমূল্য থেকে প্রায় ৬৭ বিলিয়ন ডলার মুছে যায়।
বিনিয়োগকারীদের উদ্দেশে লেখা চিঠিতে আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ স্বীকার করেছেন, দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রত্যাশার তুলনায় অনেক দুর্বল হয়েছে। তাঁর কথায়, এআই-নির্ভর প্রযুক্তি বাজারে গ্রাহকদের দ্রুত বদলে যাওয়া চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি সংস্থা। ফলে বহু বড় চুক্তি নির্ধারিত সময়ে সম্পন্ন হয়নি।
অরবিন্দ কৃষ্ণ জানান, বর্তমানে সংস্থাগুলি সফটওয়্যারের পরিবর্তে এআই ডেটা সেন্টারের জন্য সার্ভার, স্টোরেজ এবং মেমোরি চিপ কেনার দিকে বেশি জোর দিচ্ছে। এই পরিবর্তনের ফলে আইবিএমের সফটওয়্যার ব্যবসা প্রত্যাশিত গতি পায়নি।
এর পাশাপাশি, Anthropic-এর নতুন Mythos AI মডেল ঘিরে সাইবার নিরাপত্তা উদ্বেগও ব্যবসায় প্রভাব ফেলেছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে গ্রাহকদের সতর্ক অবস্থানের কারণে একাধিক বড় চুক্তি পিছিয়ে যায়।
সংস্থার নতুন z17 মেইনফ্রেম প্ল্যাটফর্ম থেকেও প্রত্যাশিত আয় আসেনি। বিশেষ করে ট্রানজ্যাকশন প্রসেসিং-সংক্রান্ত সফটওয়্যার ব্যবসায় দুর্বলতা দেখা গিয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণ।
আগামী ২২ জুলাই আইবিএম তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফল প্রকাশ করবে। বিশ্লেষকদের অনুমান, সংস্থার আয় ১৭.২ বিলিয়ন ডলার এবং শেয়ারপ্রতি মুনাফা ২.৯৩ ডলার হতে পারে। তবে সাম্প্রতিক ধসের পর এখন বিনিয়োগকারীদের নজর থাকবে, এআই প্রতিযোগিতার মধ্যে আইবিএম কীভাবে ঘুরে দাঁড়ায়।
Kolkata,West Bengal
