Last Updated:
Calcutta High Court: ১২ অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে! আপাতত খুলছে না তালা। ইডি অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের! কী নির্দেশ দিল আদালত?
কলকাতা: ইডি অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়। স্পষ্ট জানিয়ে দিল আদালত। অর্থাৎ আপাতত এই মামলায় ইডির অ্যাকাউন্ট ফ্রিজ বহাল থাকবে। অর্থাৎ তৃণমূলের ১২ টি অ্যাকাউন্টই ইডি দ্বারা ফ্রিজ থাকছে, খুলছে না তালা। ফলত একুশে জুলাইয়ের আগে ফান্ডে হাত দিতে পারবে না কালীঘাট তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিলেন, এই মুহূর্তে ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট নিয়ে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না।
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় ইডি ECIR করে আগেই তদন্ত শুরু করেছিল। যে ১২টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেগুলি ইডির নির্দেশে ফ্রিজ করা হয়েছিল। এছাড়া আরও যে অ্যাকাউন্ট দুটি আছে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছিল। নব তৃণমূল গঠনের পর সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন তৃণমূলের অ্যাকাউন্টে থাকা কোটি কোটি টাকার উৎস কী? দুর্নীতির কারণে ওই টাকা নয় তো!
প্রসঙ্গত, এর আগে গত ৯ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, পুলিশ তৃণমূল কংগ্রেসের যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল তাতে লেনদেন চালু করতে হবে ৷ এই বিষয়ে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের খরচ দেখার দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বলা হয় চেকে তৃণমূল কংগ্রেসের দু’জন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষরের ভিত্তিতে টাকা খরচের অনুমতি দেবেন তিনি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
এরপরই হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে আর্জি জানানো হয় ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট চালু করার জন্যে। বিচারপতি মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন। আজ তিনি তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ করে দেন। এর ফলে মামলায় অন্তর্বতী রায় বজায় রইল।
Kolkata,West Bengal
Jul 20, 2026 12:07 PM IST
