ইরানের মেহর নিউজ এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, তেহরানের প্রতিনিধিদল জানত যে আলোচনার সময় যেকোনও মুহূর্তে তাদের ওপর হামলা হতে পারে। তিনি আরও দাবি করেন, যে নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল ইরানের শীর্ষ নেতৃত্বের উপর হামলা চালিয়েছিল এবং যার জেরে যুদ্ধ শুরু হয়, সেই নিরাপত্তা দুর্বলতা এখনও রয়ে গিয়েছে।
আরাঘচি কী বলেছেন?
ফেব্রুয়ারিতে স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে হওয়া আলোচনার প্রসঙ্গ তুলে আরাঘচি বলেন, তিনি মার্কিন দূতকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কখনও কি এমন পরিস্থিতিতে আলোচনা করেছেন, যেখানে যে কোনও মুহূর্তে বিমান হামলার শিকার হওয়ার আশঙ্কা ছিল?
আরাঘচি বলেন, “আমি উইটকফকে বলেছিলাম, ‘আপনি কি কখনও এমন কোনও বৈঠকে অংশ নিয়েছেন, যেখানে যে কোনও মুহূর্তে বোমা হামলা হতে পারে?’”
ইরানের বিদেশমন্ত্রী আরও বলেন, আলোচনার সময় ওয়াশিংটনের চাপ তেহরানকে ভয় দেখাতে পারেনি। তাঁর কথায়, “এটা ভেনেজুয়েলা নয়, যেখানে একজনকে ধরে নিয়ে গেলে বাকিরা ভয়ে পিছিয়ে যাবে।” আমেরিকার হুমকির জবাবে ইরানের অবস্থান বোঝাতেই তিনি এই মন্তব্য করেন।
নিরাপত্তা দুর্বলতা ‘এখনও রয়েছে’:
আরাঘচি ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইরানের শীর্ষ নেতৃত্বের কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র-ইজরায়েলের হামলার কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, ওই হামলায় সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যরা নিহত হন।
আরাঘচির মতে, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি দুর্বলতার সুযোগ নিয়েই ওই হামলা চালানো সম্ভব হয়েছিল। তিনি বলেন, “এই বোমা হামলা নিরাপত্তা ব্যবস্থার একটি দুর্বলতার সুযোগ নিয়ে চালানো হয়েছিল এবং সেই নিরাপত্তা দুর্বলতা এখনও বিদ্যমান।”
হরমুজ প্রণালি নিয়ে ইরানের পরিকল্পনা:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলি খামেনেইর মৃত্যুর খবর পাওয়ার পরই, যদি সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তার জবাবে কী পদক্ষেপ নেওয়া হবে, তা আগে থেকেই প্রস্তুত ছিল। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ করার পরিকল্পনা “প্রথম দিন থেকেই” তৈরি করা হয়েছিল।
আরাঘচি আরও জানান, তিনি সঙ্গে সঙ্গে গোটা অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ইরানের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছিলেন। তাঁর বক্তব্য, “আমরা মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালাব। বুঝে নিন, এই পদক্ষেপ আমেরিকার বিরুদ্ধেই নেওয়া হবে।”
এখনও মোজতাবা খামেনেইর সঙ্গে দেখা হয়নি:
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেইয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে কি না—এই প্রশ্নের উত্তরে আরাঘচি বলেন, বাবার মৃত্যুর পর দায়িত্ব গ্রহণের পর থেকে এখনও তাঁর সঙ্গে সরাসরি দেখা হয়নি।
তিনি বলেন, “এখনও পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষেরই তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে।”