Last Updated:
Firhad Hakim On Suvendu: ২১শে জুলাইয়ের আবহে আচমকা শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ফিরহাদ হাকিম। কী বললেন আজ বিধানসভায়?
কলকাতা: সোমবার বিধানসভায় বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, বিধানসভার উল্লেখ পর্বে বিধানসভার সদস্যরা যা বলবেন তা যেন সাত দিনের মধ্যে দফতরে পৌঁছে যায়। মন্ত্রীদের উত্তর দিতে হবে। যেটা করা সম্ভব সেটা করতে হবে। যেটা করা সম্ভব নয়, সেটা জানাবেন। যেটায় সময় দরকার সেটাও জানাবেন। এই উল্লেখ পর্বের তালিকা সিএমও-তে পাঠাবেন। আমি নিজে ৩ মাস অন্তর এর রিপোর্ট দেব আপনাদের।
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা যায় ফিরহাদ হাকিমের মুখে। মুখ্যমন্ত্রীর একুশে জুলাইয়ের কমিটির রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তকেও স্বাগত জানান ফিরহাদ। শুভেন্দু এদিন বিধানসভায় জানান, “বিগত সরকার ২১শে জুলাই কমিটি করেছিল। সেই রিপোর্ট আজ প্রকাশ করা হবে। জাস্টিস সুশান্ত চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ হবে আজ।”
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “আজ নতুন দৃষ্টান্ত করে দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে বিধানসভার ইতিহাসে কখনও এমন হয়নি। বিধায়কদের যে সম্মান উনি আজ দিলেন। আমি শাসক ও বিরোধী আগেও থেকেছি। এমন বিষয় দেখিনি আগে।”
সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় বিধায়করা যে সব দাবি তুলেছেন বিধানসভার সচিবালয় যেন চিফ মিনিস্টার অফিসে সেই সব দাবির তালিকা পাঠান। সেইসব খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী নিজে ৩ মাস অন্তর কমপ্লায়েন্স রিপোর্ট দেবেন বলেও জানান শুভেন্দু অধিকারী। তার কারণ বিধানসভা মানুষের দাবিদাওয়া পূরণের জায়গা।
এই প্রসঙ্গেই বিধায়ক ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। বলেন, “আমি এর আগেও বিধায়ক ছিলাম। কিন্তু এভাবে বিধায়কদের সম্মান দিয়ে, এমন ব্যবহার আগে দেখিনি। শাসক, বিরোধী দুই শিবিরেই যে এই পদক্ষেপ নতুন ও গণতন্ত্রমুখী তা কার্যত স্বীকার করেই সরকার তথা মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এদিন প্রবীণ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মেয়র।
তাঁর কথায়, “আমরা যেটা বলছি সেটার অ্যাকশন কী হচ্ছে তা আগে জানানো হত না। এটা বিধানসভার ইতিহাসে হয়নি। এটা যদি হয়ে থাকে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন ইতিহাস সৃষ্টি হবে। তাই তার জন্য তাদের ধন্যবাদ।” উল্লেখ্য সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক বৈঠকগুলোতে বিরোধীদের ডাকা থেকে বিধানসভায় গণতান্ত্রিক পরিবেশ বহাল রাখতে সচেষ্ট হয়ে শাসক-বিরোধী সামঞ্জস্য বজায় রেখে চলার বার্তা বার বার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তাঁর প্রতি আস্থা জানিয়ে ফিরহাদের এই মন্তব্য তাই খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Kolkata,West Bengal
