Last Updated:
Khudiram Tudu: বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র খাতড়া মহকুমা হাসপাতালের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান হল মন্ত্রীর হাত ধরে। রোগীর অভিযোগ পেয়েই সরকারি ভাতার টাকা দিয়ে সাবমারসিবল পাম্প ও বোরিংয়ের ব্যবস্থা করলেন রানিবাঁধের বিধায়ক।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: একটি ফোন কল। আর সেই ফোন কলই বদলে দিল খাতড়া মহকুমা হাসপাতালের দীর্ঘদিনের জলের অভাবের চিত্র। ভোর সাড়ে পাঁচটা। হাসপাতালের এক ভর্তি রোগী সরাসরি ফোন করেন রাজ্যের মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডুকে। অভিযোগ একটাই যে হাসপাতালে নেই পানীয় জল, এমনকি বাথরুমেও মিলছে না জল।
রোগীর সেই অসহায় আবেদনকে গুরুত্ব দিয়ে নিজের প্রথম মাসের মন্ত্রী ভাতার প্রায় ২ লক্ষ টাকা ব্যয় করে খাতড়া মহকুমা হাসপাতালে ৫৫০ ফুট গভীর গভীর নলকূপ-সহ সাবমারসিবল পাম্প বসানোর উদ্যোগ নেন মন্ত্রী। এদিন ফিতে কেটে এই নতুন জল প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর গভীর নলকূপ থেকে প্রথম ওঠা জল গ্লাসে তুলে পান করেন হাসপাতালের সুপার রতন শাসমল, মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং উপস্থিত বিজেপি নেতৃত্ব। এর আগে হাসপাতালের একটি ছোট পানীয় জল প্রকল্প থাকলেও তা রোগীর চাহিদা পূরণে যথেষ্ট ছিল না। হাসপাতালটি টিলার উপরে হওয়ায় এখানে জল পাওয়া অত্যন্ত কঠিন। অতীতে একাধিকবার বোরিং করা হলেও সাফল্য মেলেনি। ফলে হাসপাতালটি মূলত জনস্বাস্থ্য কারিগরি দফতরের নলবাহিত জলের উপর নির্ভরশীল ছিল। কিন্তু সেই জলও প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল।
Bankura,Bankura,West Bengal