Last Updated:
Sawan 2026: শ্রাবণের প্রথম সোমবারে অন্য রূপ নিল পূর্বস্থলীর জামালপুরের বুড়োরাজ মন্দির। ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত গোটা মন্দির চত্বর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমার বদলে উল্টে লাইন পৌঁছল মন্দিরের বাইরে। পরিস্থিতি সামলাতে আসরে নামল প্রশাসন।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলির জামালপুরের ঐতিহ্যবাহী বুড়োরাজ মন্দিরে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের ঢল নামল। ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা থেকেও হাজার হাজার ভক্ত মন্দিরে এসে ভিড় জমান। হাতে গঙ্গাজল ও পুজোর সামগ্রী নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দেন ভক্তরা। ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। প্রতি বছরই শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। তবে এ বছর সেই ছবিতে এসেছে নতুন মাত্রা। সাধারণত সকালেই ভিড় বেশি থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে যায়।
কিন্তু এদিন ঠিক উল্টো ছবি ধরা পড়ে। সকাল থেকে শুরু হওয়া ভিড় দুপুরের দিকে আরও বেড়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে ভক্তদের লাইন মন্দির চত্বর ছাড়িয়ে বাইরে পর্যন্ত পৌঁছে যায়। কয়েক হাজার ভক্ত এদিন বুড়োরাজের মাথায় জল ঢেলে পুজো দেন। মন্দিরের সেবাইত কৌশিক ব্যানার্জি জানান, এ বছর শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার রয়েছে। প্রথম সোমবার থেকেই ভক্তদের যে বিপুল সমাগম হয়েছে, তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তাঁর কথায়, আগে সাধারণত সকালবেলায় বেশি ভিড় দেখা যেত, কিন্তু এবার বেলা যত গড়িয়েছে, ততই ভক্তদের সংখ্যা বেড়েছে। আগামী সোমবারগুলিতেও আরও বেশি ভক্ত সমাগমের আশা করছেন তিনি।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
