Last Updated:
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় মার্চেন্ট নেভি অফিসার অখিল জোয়ান নিহত. এমভি গোল্ডেন লিও জাহাজে হামলায় আরও ৯ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে.
নয়াদিল্লি/কেরল: কয়েকদিন আগেই বাগ্দান সম্পন্ন হয়েছিল। আর মাত্র দু’মাস পরেই ছিল বিয়ে। কিন্তু তার আগেই যুদ্ধের বলি হলেন ২৬ বছর বয়সি ভারতীয় মার্চেন্ট নেভি অফিসার অখিল জোয়ান। ইউক্রেনের ওডেসা উপকূলে একটি পণ্যবাহী জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। এই হামলায় আরও কয়েকজন ভারতীয় নাবিকেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে এমভি গোল্ডেন লিও (MV Golden Leo) নামের একটি পণ্যবাহী জাহাজে হামলার সময় মোট ১৭ জন নাবিক উপস্থিত ছিলেন। হামলায় একাধিক নাবিকের মৃত্যু হয়েছে এবং একজন ভারতীয় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কেরলের কাসারগোড় জেলার ভেলারিক্কুন্ডুর বাসিন্দা অখিল জোয়ান ছিলেন পরিবারের একমাত্র সন্তান। তাঁর বাবা জোয়ানের একটি ছোট বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে এবং মা একটি বিমা সংস্থার এজেন্ট। মধ্যবিত্ত পরিবারের আর্থিক ভরসা ছিলেন অখিলই।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ছুটিতে বাড়ি এসে বাগ্দান সেরেছিলেন অখিল। এরপর আবার কাজে যোগ দেন। আগামী কয়েক মাসের মধ্যেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই প্রাণ হারাতে হল তাঁকে। অখিলের বাবা জানিয়েছেন, জাহাজ পরিচালনাকারী সংস্থার পক্ষ থেকে ই-মেলের মাধ্যমে তাঁদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে। তবে এরপর আর কোনও বিস্তারিত তথ্য পরিবারকে জানানো হয়নি। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। নিহত ভারতীয় নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সবরকম সহায়তা করার চেষ্টা করছে।
ইউক্রেন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার মিসাইল হামলায় ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গত কয়েক সপ্তাহে নতুন করে দু দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার পর কৃষ্ণ সাগরে এটিই সবথেকে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেন৷ যুদ্ধের আবহে আবারও সাধারণ মানুষের প্রাণহানির এই ঘটনা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়িয়েছে। তরুণ নাবিক অখিল জোয়ানের অসময়ে মৃত্যু তাঁর পরিবার, বন্ধু এবং গোটা কেরলকে শোকস্তব্ধ করে দিয়েছে। জানা গিয়েছে, হামলার সময় এম ভি গোন্ডেন লিও নামে ওই জাহাজটিতে মোট ১৭ জন নাবিক ছিলেন৷ যে ৯ জন ভারতীয় এই হামলায় প্রাণ হারিয়েছেন তাঁরা হলেন, মুস্তাফা আম্মার, আয়মান দেইফাল্লা, রাকান বিশারা, ইয়াসের সান্তলি, মহম্মদ আল বাঘদাদি, অখিল জোয়ান, গুরপ্রীত সিং ভাট, গগন সিং এবং অভিষেক নিশাদ৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
