Last Updated:
বৃহস্পতিবারে, শিবসাগর টাউন – সিমালুগুড়ি সেকশনে পুনরুদ্ধারের কাজ করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও রেলের কর্মীরা অবিচলিত অগ্রগতি করে চলেছে। সুরক্ষিত ও সময়মতো পুনরুদ্ধারের কাজ সহজতর করার লক্ষ্যে রেললাইনের অবস্থা ও জলের স্তর নিরবিছিন্নভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নয়াদিল্লি: উজানের অববাহিকা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে দিখৌ নদীর উপচে পড়া জল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তিনসুকিয়া ডিভিশনের অন্তর্গত শিবসাগর জেলার সিমালুগুড়ি স্টেশন ও সংলগ্ন এলাকা প্লাবিত করেছে। জল উপচে পড়ার ফলে সিমালুগুড়ি স্টেশন ইয়ার্ড ও রেলওয়ে কলোনির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলিতে রেললাইনের ওপর দিয়েও জল প্রবাহিত হচ্ছে।
প্রত্যাহ্বানপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও, ট্রেন চলাচল যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার লক্ষ্যে তিনসুকিয়া ডিভিশন ব্যাপক পুনরুদ্ধার ও ২৪x৭ তদারকির কাজ শুরু করেছে। বন্যা পরিস্থিতির মোকাবিলা ও দ্রুত পরিষেবা পুনরুদ্ধারের লক্ষ্যে ডিভিশনের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকদের নেতৃত্বে ইঞ্জিনিয়ারিং টিম যুদ্ধকালীন তৎপরতায় অবিরাম কাজ করে যাচ্ছে।
বর্তমানে সেলেংঘাট-আমগুড়ি সেকশনে পুরোদমে পুনরুদ্ধারের কাজ চলছে, মেরামত ও পুনরুদ্ধারের কাজ ত্বরান্বিত করতে সেখানে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং ও সুপারভাইজারদের পাশাপাশি ২০০ এর অধিক কর্মীকে নিয়োজিত করা হয়েছে। সুরক্ষিত ট্রেন চলাচল পুনরায় শুরু করার লক্ষ্যে কর্মীরা রেললাইন মেরামত, পরিকাঠামো শক্তিশালীকরণ এবং ক্ষতিগ্রস্ত স্থানগুলিতে নিয়মিত পরিদর্শন কাজ চালিয়ে যাচ্ছেন।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বরিষ্ঠ আধিকারিকরা পুনরুদ্ধার কাজ সুক্ষ্মভাবে তদারকি করছেন, পাশাপাশি, এদিকে, সংশ্লিষ্ট সকল বিভাগ ট্রেন চলাচলের বিঘ্ন কমিয়ে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করতে একযোগে কাজ করছে। যাত্রীদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার এবং পুনরুদ্ধার কাজ যাতে দক্ষতার সাথে ও সুরক্ষিতভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
