Last Updated:
Drainage Issue: নিকাশি ব্যবস্থার জরাজীর্ণ দশা। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। উপযুক্ত ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই একমাত্র ঢালাই পথটি এক হাঁটু জলে তলিয়ে যায়। ফলে নিত্যদিনের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি নর্দমার নোংরা জল ঢুকে যাচ্ছে গৃহস্থের ঘরে।
করিমপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার করিমপুর ১ নম্বর ব্লকের অধীন পিপুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ২৪৯ নম্বর বুথের পাইকশা গ্রামে নিকাশি ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও জমা জলের কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বহু বছর আগে তৈরি ২০০ থেকে ৩০০ মিটারের একটি ঢালাই রাস্তা থাকলেও, উপযুক্ত জল নিকাশের পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই তা এক হাঁটু জলে থৈ থৈ করে। এই নিকাশি সমস্যা ও দুর্ভোগ থেকে মুক্তি পেতে সম্প্রতি এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হন।
স্থানীয় বাসিন্দা আরশাদ আলী শেখ জানান, এই পাড়ায় প্রায় ২০০ মানুষের বসবাস। এটিই এলাকার প্রধান ও একমাত্র চলাচলের রাস্তা, যা দিয়ে প্রত্যহ সাধারণ মানুষ, মা-বোনেরা ও খুদে পড়ুয়ারা যাতায়াত করে। কিন্তু গত দু’বছর ধরে একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। চিকিৎসা সংক্রান্ত বা জরুরি দরকারে যাতায়াত অসম্ভব হয়ে ওঠে।
অন্য এক বাসিন্দা আনোয়ারা বিবি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তায় এক হাঁটু জল জমা থাকে, ঘরবাড়িতে জল ঢুকে যাচ্ছে, কাপড় তুলে হাঁটতে হচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না।” আফরোজা বিবি নামের এক বাসিন্দা জানান, এলাকার পথ অবরুদ্ধ হওয়ায় ঘরে জল উঠে তারা বসবাস করতে পারছেন না। অবিলম্বে স্থায়ী ড্রেন বা জল নিকাশের দাবি জানিয়েছেন তারা। সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।
গ্রামবাসীদের এই ক্ষোভ ও বিক্ষোভ প্রসঙ্গে পিপুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান স্বীকার করেন যে পাইকশা ২৪৯ নম্বর বুথের ওই পাড়ার পরিস্থিতি সত্যিই বেশ কঠিন এবং রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। তিনি আশ্বাস দেন, পূর্বেও উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল এবং তিনি পুনরায় উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন যাতে দ্রুত নিকাশি ব্যবস্থার সমাধান করে সাধারণ মানুষের চলাচলের সুবিধা করে দেওয়া যায়।
Nadia,West Bengal
Jul 24, 2026 12:08 AM IST