Last Updated:
Bollywood: বাঁকুড়া থেকে বলিউড, বলিউড থেকে কান! তারকাদের স্টাইলিস্ট পত্রলেখার অনন্য সাফল্য আপনাকে অবাক করে দেবে।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সলমন খান, টাইগার শ্রফ, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেহওয়াগ—ভারতের এই তারকাদের স্টাইলিংয়ের নেপথ্যে রয়েছেন বাঁকুড়ার এক মেয়ে। শুধু বলিউড নয়, সম্প্রতি ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবেও বিষ্ণুপুরি সিল্ক তথা বালুচরীকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে আবারও আলোচনায় এসেছেন পত্রলেখা মুখার্জী শি। বাঁকুড়ার কালীতলা গার্লস স্কুলের ছাত্রী থেকে আন্তর্জাতিক ফ্যাশন জগতের পরিচিত স্টাইলিস্ট হয়ে ওঠার তাঁর এই যাত্রা আজ জেলার গর্ব।
বাঁকুড়ার শিক্ষা ও সংস্কৃতিমনস্ক এক পরিবারে বেড়ে ওঠা পত্রলেখার মা মুক্তি মুখার্জী ছিলেন কালীতলা গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং বাবা চণ্ডীদাস মুখার্জী ছিলেন সোনামুখী কলেজের অধ্যক্ষ ও জেলার এক বিশিষ্ট শিক্ষাবিদ। ছোটবেলা থেকেই শিল্প, নন্দনতত্ত্ব ও সৃজনশীলতার প্রতি গভীর আগ্রহ তাঁকে এক ভিন্নধর্মী পেশার দিকে এগিয়ে নিয়ে যায়। বাঁকুড়ার মতো একটি জেলা থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক ফ্যাশন জগতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার গল্প আজ অনেক তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা।
উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতায় যান। স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনার পাশাপাশি গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফ্টে ইন্ডিয়ান পেইন্টিং বিভাগে শিক্ষা গ্রহণ করেন। ২০০০ সালে স্নাতক সম্পন্ন করার পর ন্যাশনাল স্কুল অব ড্রামা (NSD) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (NIFT)-এ অতিথি অনুষদ হিসেবে কাজ করেন। ২০০৪ সালে মুম্বইয়ে তাঁর কেরিয়ারের বড় ব্রেক আসে। এরপর বলিউডের একাধিক তারকার স্টাইলিং ও কস্টিউম পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়ে নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন। ‘পার্পল পিকচার্স’ প্রোডাকশন হাউসের সঙ্গেও তিনি কাজ করেছেন।
Kolkata,West Bengal