Last Updated:
পরিকাঠামোর উন্নতিতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলের নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুর পর্যন্ত ১৪.৫২ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেললাইন নির্মাণের জন্য ₹৪৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
কলকাতা: পরিকাঠামোর উন্নতিতে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় রেল। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মালবাহী রেল করিডরের সক্ষমতা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেলের নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুর পর্যন্ত ১৪.৫২ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেললাইন নির্মাণের জন্য ₹৪৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, উচ্চ ঘনত্বের (High Utilisation Network-2) এই রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের চাপ ক্রমশ বাড়ছে। বর্তমানে নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন–গোকুলপুর অংশটি একক লাইন এবং সেখানে ডাবলিংয়ের কাজ চলছে। নতুন তৃতীয় লাইন নির্মিত হলে এই করিডরের লাইন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ট্রেন পরিচালনায় আরও নমনীয়তা আসবে।
এই রুট দিয়ে প্রতিবছর প্রায় ২৩.৮০ মিলিয়ন টন পণ্য পরিবহণ হয়। ম্যাঙ্গানিজ, লৌহ আকরিক, কয়লা, কনটেনার, সিমেন্ট, ক্লিঙ্কার, ইস্পাত, গম, চাল, পেট্রোলিয়ামজাত পণ্য, সার, চুনাপাথর, জিপসাম, ভোজ্য তেল, পাথরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য এই পথে পরিবাহিত হয়।
বর্তমানে এই অংশে লাইন ব্যবহারের হার ১১৫.৭১ শতাংশ, যা অতিরিক্ত চাপের ইঙ্গিত দেয়। তৃতীয় রেললাইন চালু হলে এই জট অনেকটাই কমবে এবং যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল আরও দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।
রেলের আশা, প্রকল্পটি সম্পূর্ণ হলে বছরে অতিরিক্ত ৩.৫২ মিলিয়ন টন মাল পরিবহণের সক্ষমতা তৈরি হবে। এর ফলে শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে, অত্যাবশ্যকীয় পণ্যের পরিবহণ সহজ হবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
