Last Updated:
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মচারীদের PF পরিচালনায় পরিবর্তন আনতে ‘দ্য বাঁকুড়া ইউনিভার্সিটি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পেশ করবে রাজ্য।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় পরিবর্তন আনতে ‘দ্য বাঁকুড়া ইউনিভার্সিটি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পেশ করবে পশ্চিমবঙ্গ সরকার। ২৩ জুলাই কলকাতা গেজেটে প্রকাশিত এই বিলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় উত্থাপনের জন্য প্রকাশ করা হয়েছে।
বিলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩-এর ৪৬ নম্বর ধারার পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। সংশোধনী অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মচারীদের জন্য গঠিত প্রভিডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গের Non-Government Educational Institutions and Local Authorities (Control of Provident Fund of Employees) Act, 1983-এর আওতায় পরিচালিত হবে।
একই সঙ্গে প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, ১৯৮৩ সালের আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নয়—এমন বিধি (Ordinances) প্রণয়নের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের হাতে থাকবে। এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের প্রশাসন ও পরিচালনার কাঠামো নির্ধারণ করা হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংক্রান্ত বিবৃতিতে জানানো হয়েছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ডকে ১৯৮৩ সালের রাজ্য আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালনার জন্যই এই সংশোধনী আনা হচ্ছে। এর ফলে প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় আইনি স্বচ্ছতা ও একরূপতা নিশ্চিত হবে বলে সরকারের দাবি। বিলে আরও উল্লেখ করা হয়েছে, এই সংশোধনী কার্যকর করতে আর্থিক প্রভাব রয়েছে। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ অর্থ দফতরের সঙ্গে পরামর্শ করেই করা হবে। এই সংশোধনী বিলের দায়িত্বপ্রাপ্ত সদস্য হিসেবে রয়েছেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিলটি বিধানসভার অনুমোদনের পর সরকারি গেজেটে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে কার্যকর হবে। সেই সঙ্গে পঞ্চায়েত আইনেও একাধিক সংশোধন হতে চলেছে, সেই নিয়েও বিল আসবে বিধানসভায়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
