Last Updated:
NEET Protest Kolkata: NEET প্রশ্ন ফাঁস ইস্যুতে কলকাতার ধর্মতলায় বিক্ষোভ চলাকালীন অশান্তি, সাংবাদিক নিগ্রহ ও ভাঙচুরের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ওয়াকার আজম ও জাভেদ আখতারকে ধরার পর মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। ধৃতদের নিয়ে সোমবার ঘটনাস্থলে পুনর্নির্মাণও করা হয়।
কলকাতা: প্রশ্ন ফাঁস ইস্যুতে হওয়া কলকাতার মিছিলে অশান্তির ঘটনায় আরও বাড়ল ধৃতের সংখ্যা৷ সূত্রের খবর, সাংবাদিক নিগ্রহের ঘটনায় ওয়াকার আজম, জাভেদ আখতার নামে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ৷ মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১৬৷
প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে জমায়েত ও মিছিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ধর্মলতায়৷ সোমবার, সাংবাদিক নিগ্রহ এবং ভাঙচুরের ঘটনায় ধৃত আফরোজ-সহ অভিযুক্তদের ঘটনার পুনঃনির্মাণ করতে নিয়ে আসা হল ধর্মতলায়৷ ধর্মতলায় অশান্তির তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
প্রসঙ্গত, গত শুক্রবার ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভকে কেন্দ্র করে কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। পুলিশের অভিযোগ, AIDSO, AIDYO, CPI(M-L), DYFI, AISA, PDSF, AFSA, DSF, ISU এবং APDR-সহ একাধিক সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক মানুষ পুলিশের কোনও অনুমতি ছাড়াই ডোরিনা ক্রসিং (জওহরলাল নেহরু রোড ও রানি রাসমণি অ্যাভিনিউ মোড়)-এ জমায়েত হন।
বিক্ষোভকারীরা পতাকা, ব্যানার ও গাড়ি নিয়ে রাস্তা দখল করে মাইক্রোফোনে বক্তব্য রাখতে শুরু করেন। পুলিশের দাবি, ওই বক্তব্যে জনতাকে উসকানি দিয়ে পুরো ডোরিনা ক্রসিং দখল করার আহ্বান জানানো হয়। পুলিশের অভিযোগ, বারবার মাইকিং করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয় এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। বরং বিক্ষোভকারীরা পুলিশ, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এবং পথচারীদের লক্ষ্য করে জলভর্তি বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।
বেআইনি জমায়েত, বেআইনি জমায়েত থেকে অপরাধ সংগঠিত করা অশান্তি ছড়ানো, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং তার সাথে মারধর করা, রাস্তা অবরোধ করা, শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে উস্কানি ও বিদ্বেষ ছড়ানো, সরকারি আদেশ অমান্য করা, একই উদ্দেশ্য নিয়ে একাধিক ব্যক্তির অপরাধ সংগঠিত করা, মূলত এই সমস্ত ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Kolkata,West Bengal
