Last Updated:
Sreelekha Mitra Controversy Update: প্ল্যাকার্ড বিতর্কে একাধিক অভিযোগ, মানহানির মামলার মাঝেও অবস্থান বদলালেন না শ্রীলেখা মিত্র।
কলকাতা: দমেননি শ্রীলেখা মিত্র৷ তাঁর নামে একাধিক অভিযোগ একাধিক থানায় হওয়ার পরেও নিজের বক্তব্যের অবস্থানে অনড় তিনি। মানহানির মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে, তবুও থামেননি অভিনেত্রী৷ সোমবার রাতে ফের হোয়াটসঅ্যাপ স্টেটাসে তিনি লিখলেন, ‘A CARTOON IS A CARTOON IS A CARTOON’।
রবিবার থেকেই বিতর্কের কেন্দ্রে তিনি। নিট (NEET) প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার উদ্দেশে হাতে একটি প্ল্যাকার্ড ধরেছিলেন। আর সেই প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীর যে ছবিটি সেখানে ছিল, সেটিই বিতর্কের কেন্দ্রবিন্দু।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুরুচিকর ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। রবিবার আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। পাশাপাশি, বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জমা পড়ে। NEET-এর প্রশ্নফাঁস-এর প্রতিবাদে কলকাতার মিছিল থেকে প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি প্রদর্শনের অভিযোগে রবিবারে দুই সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে।
সোমবার টলিউড অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল আরও তিন থানায়। পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। মুর্শিদাবাদের বহরমপুর বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকেও থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ হয়েছে ঠাকুরপুকুর থানা ও মেদিনীপুরের কোতোয়ালি থানায়ও। স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে, বড় আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী।
সুদীপ্ত সেন
Kolkata,West Bengal
